ডেস্ক রিপোর্টার , ১৬ সেপ্টেম্বর ।।
পাহাড়ের আসন্ন গ্রাম পরিষদ নির্বাচন কেন্দ্র করে সমস্ত প্রস্তুতি সেরে নিচ্ছে রাজ্য নির্বাচন কমিশন। নির্বাচনকে সুষ্ঠ ভাবে সম্পন্ন করতে ইতিমধ্যে পাহাড়ে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী সহ পুলিশ – টি এস আর।প্রাথমিকভাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে ২৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়ে ছিলো রাজ্য। তার অনুমোদন পেয়ে গিয়েছে। পরবর্তীতে আরও ৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর অনুমোদন দেওয়া হয়েছে। জানিয়েছে নির্বাচন কমিশন।
বুধবার রাজ্য নির্বাচন কমিশনের সচিব সাংবাদিক বৈঠক করে বলেন, ভিলেজ কমিটির কাজে নিয়োজিত ভোট কর্মী ও পুলিশ – টিএসআর কর্মীরা আগামী ২২ ও ২৩ সেপ্টেম্বর তাদের ভোট দান করতে পারবেন।বিভিন্ন সিভিল ও পুলিশ অফিসারসহ নির্বাচনী কাজে যুক্ত ভোটারদের ভোটগ্রহণের ব্যবস্থা করবেন সংশ্লিষ্ট টার্নিং অফিসাররা। নির্ধারিত ভোটের অন্তত তিন দিন আগে ফর্ম-১৫ পূরণ করে রিটার্নিং অফিসারের কাছে জমা দিতে হবে। এরপর রিটার্নিং অফিসারের মাধ্যমে সংশ্লিষ্ট ভোটারদের ব্যালট পেপার ইস্যু করা হবে। নির্দিষ্ট তারিখে সেই ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পাবেন তাঁরা।
ভোট কর্মীদের জন্য ইতিমধ্যে ব্যালট ছাপানোর কাজ চলছে সরকারি ছাপা খানায়। রাজ্য নির্বাচন কমিশনের সচিবের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৬ লক্ষ ব্যালট ছাপার কাজ শেষ হয়ে গিয়েছে। নির্বাচনে ব্যালটে ভোট দেবেন প্রায় ৬ লক্ষ ৯ হাজার ভোটার।
নির্বাচন কমিশনের সচিবের কথায়, ইতিমধ্যে ভোট কর্মীদের প্রথম পর্যায়ের প্রশিক্ষণ শেষ হয়েছে। আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণের কাজ শেষ হয়ে যাবে।
আসন্ন ভিলেজ ভোট নিয়ে সব রকমের প্রস্তুতিতেই চলছে তুলির টান। কমিশন তাদের প্রস্তুতিতে কোনো রকম খামতি রাখতে চাইছে না। ভিলেজ ভোটকে উৎসবের মেজাজে সম্পন্ন করতে কমিশন অবিরাম কাজ করে চলছে।

