তেলিয়ামুড়া ডেস্ক, ১৬ সেপ্টেম্বর।।
দুর্যোগকালীন পরিস্থিতিতে উদ্ধারকাজের প্রস্তুতি ও দক্ষতা যাচাই করতে তেলিয়ামুড়ায় অনুষ্ঠিত হলো বন্যা মোকাবিলা সংক্রান্ত বিশেষ মহড়া। বুধবার তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের উদ্যোগে মহারানীপুর পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় এই মহড়ার আয়োজন করা হয়।
জলমগ্ন বা বন্যা পরিস্থিতিতে সাধারণ মানুষের করণীয়, নিরাপদ আশ্রয়ে যাওয়ার উপায় এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে দুর্যোগ মোকাবিলার নানা কৌশল সম্পর্কে সচেতন করাই ছিল এই কর্মসূচির মূল লক্ষ্য।
মহড়ায় তেলিয়ামুড়া মহকুমা শাসক কার্যালয়ের দুর্যোগ মোকাবিলা বিভাগের অধীনস্থ ‘সিভিল ডিফেন্স’-এর স্বেচ্ছাসেবকরা অংশ নেন। এ সময় উদ্ধারকাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম ও যন্ত্রপাতির ব্যবহারিক কার্যকারিতা পরীক্ষা করার পাশাপাশি সেগুলোর রক্ষণাবেক্ষণ পর্যালোচনা করা হয়।
এই মহড়ায় মহড়ায় উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া মহকুমা শাসক কার্যালয়ের ডেপুটি কালেক্টর তথা দুর্যোগ মোকাবিলা বিভাগের ইনচার্জ জিনিয়াস দেববর্মা, লক্ষ্মীপুর পঞ্চায়েতের প্রধান কৃষ্ণ গোপাল নন্দী ও উপপ্রধান বিমল দাসসহ প্রশাসনের আধিকারিকরা।
প্রশাসনের আধিকারিকরা জানান, প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমাতে সরকারি প্রস্তুতির পাশাপাশি জনগণের সচেতনতা অত্যন্ত জরুরি। সেই লক্ষ্যেই বাস্তব পরিস্থিতির আদলে এই মহড়ার আয়োজন।

