ডেস্ক রিপোর্টার, ১৬ সেপ্টেম্বর।।
আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী বিশ্বকর্মার পূজা। সারাদেশের সঙ্গে রাজ্যেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে হবে বিশ্বকর্মার আরাধনা। পূজাকে কেন্দ্র করে ইতিমধ্যেই ব্যস্ততা বেড়েছে আগরতলা শহরের মূর্তি পাড়ার মৃৎশিল্পীদের।
শহরের বটতলা এলাকার মৃৎশিল্পীদের এখন ব্যস্ত সময় কাটছে বিশ্বকর্মা ঠাকুরের প্রতিমা তৈরি ও বিক্রির কাজে। বিভিন্ন আকার ও নকশায় তৈরি করা হচ্ছে বিশ্বকর্মার প্রতিমা। তবে মৃৎশিল্পীদের কথায়, আগের তুলনায় বর্তমানে ব্যবসার পরিস্থিতি অনেকটাই দুর্বল।
মৃৎশিল্পীরা জানান, প্রতিমা তৈরির জন্য প্রয়োজনীয় বিভিন্ন সরঞ্জাম ও উপকরণের বেশ কিছু অংশ তাদের বাইরের রাজ্য থেকে কিনে আনতে হয়। এতে উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে। অন্যদিকে ক্রেতাদের চাহিদা ও বিক্রি আগের মতো না থাকায় সমস্যায় পড়তে হচ্ছে তাদের।
এক মৃৎশিল্পী বলেন, “আগের মতো ব্যবসা নেই। তারপরও এই কাজ ছেড়ে দেওয়ার উপায় নেই। ঠাকুর দাদা – বাবার পরম্পরা ধরে রাখতেই তারা করছে মূর্তি তৈরি।
বিশ্বকর্মা পূজাকে ঘিরে শেষ মুহূর্তে বিক্রি কিছুটা বাড়বে বলে আশাবাদী মৃৎশিল্পীরা। তবে কাঁচামালের দাম, পরিবহন খরচ এবং বাজারে চাহিদা কমে যাওয়ায় আগামী দিনে এই ঐতিহ্যবাহী পেশা কীভাবে তারা টিকিয়ে রাখবে, তা নিয়েই চিন্তার ভাঁজ মৃৎশিল্পীদের কপালে।

