ডেস্ক রিপোর্টার,১৬ সেপ্টেম্বর।।
রাজ্যে বাল্যবিবাহ প্রতিরোধ এবং শিশুদের সার্বিক সুরক্ষায় আরও সমন্বিত পদক্ষেপে জোর দিয়েছে রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন। সম্প্রতি কমিশনের চেয়ারপার্সন জয়ন্তী দেববর্মার উপস্থিতিতে শিশু সুরক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত ডিস্ট্রিক্ট চাইল্ড ওয়েলফেয়ার কমিটি, লিগ্যাল সার্ভিসেস অথরিটি ও চাইল্ড হেল্পলাইনের প্রতিনিধিদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।
বাল্যবিবাহের প্রবণতা কিছুটা কমলেও জাতীয় পর্যায়ের তুলনায় ত্রিপুরার পরিস্থিতি এখনও যথেষ্ট উদ্বেগের। ‘চাইল্ড ম্যারেজ ফ্রি ভারত’ গড়ার লক্ষ্যে প্রশাসনের পাশাপাশি সামাজিক সংগঠন ও অভিভাবকদের একযোগে সচেতনতা বাড়ানোর আহ্বান জানানো হয়েছে বলে জানান কমিশনের চেয়ারপার্সন জয়ন্তী দেববর্মা।
কমিশন স্পষ্ট করেছে, শিশুদের সমস্যার পেছনে কেবল আর্থিক অনটন দায়ী নয়; অভিভাবকদের সচেতনতার অভাব এবং সরকারি বিভিন্ন প্রকল্প সম্পর্কে তথ্যের ঘাটতিও বড় কারণ। বিশেষ করে একাধিক সন্তান থাকা পরিবারগুলিতে সচেতনতা তৈরি অত্যন্ত জরুরি। শিশুদের সুরক্ষায় গত কয়েক মাসে শতাধিক সচেতনতামূলক কর্মসূচি করা হয়েছে এবং স্কুলশিক্ষা দপ্তরের সঙ্গে সমন্বয় রেখে এই অভিযান জারি থাকবে।সেইসাথে রাজ্যের যে কোনো প্রান্তে শিশু সমস্যায় পড়লে দ্রুত সহায়তা পৌঁছাতে এবং রাজ্যপালের নির্দেশিকা মেনে প্রতিটি দপ্তরকে একযোগে কাজ করার নির্দেশ দিয়েছে কমিশন।
Child marriage. Illustration: Ratna Sagar Shrestha