ডেস্ক রিপোর্টার,১৯ সেপ্টেম্বর।।
বাংলাদেশের এক মাদক কারবারিকে সাত বছরের সশ্রম কারাদণ্ড-র নির্দেশ দিয়েছে সিপাহীজলার জেলা ও দায়রা আদালত। তার নাম মো: মুজাহিদ মিয়া (২৬)। বাড়ি হবিগঞ্জ জেলার লোগাঁও থানা এলাকায়। শনিবার এই মামলার রায় ঘোষণা করেন সিপাহীজলার জেলা ও দায়রা আদালতের বিচারক।এনডিপিএস আইনের ধারা 20(b)(ii)(B) – ধারায় শাস্তিযোগ্য অপরাধ করার জন্য দোষী সাব্যস্ত হওয়া বাংলাদেশী নাগরিককে ২৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো তিন মাস কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত।

ঘটনা ২০২৫- র ৪ মার্চ। বিকাল চারটা নাগাদ এনসি নগর বিওপি- লাগোয়া সীমান্ত দিয়ে ভারত ভূখণ্ডে প্রবেশ করেছিল মুজাহিদ মিয়া । সঙ্গে সঙ্গে তাকে আটক বিএসএফ জওয়ানরা। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২৫ বোতল ফেনসিডিল ও ১২ কেজি গাঁজা সহ ২৮ হাজার টাকার ভারতীয় নোট উদ্ধার করা হয়। বিএসএফ কর্তৃপক্ষ ধৃত মুজাহিদ মিয়াকে সোনামুড়া থানার পুলিশের হাতে তুলে দেয়। সোনামুড়া থানার তৎকালীন পুলিশ আধিকারিক (SI) জগবন্ধু দেবনাথ তদন্ত শেষ করে আদালতে চার্জশিট জমা করেন। দীর্ঘদিন আদালতে মামলার শুনানির পর সিপাহীজলা জেলা ও দায়রা আদালত তথ্য প্রমাণের ভিত্তিতে বাংলাদেশি নাগরিক মুজাহিদ মিয়াকে দোষী সাব্যস্ত করে কারাদণ্ডের নির্দেশ দেয়।

