ডেস্ক রিপোর্টার, ১৭ সেপ্টেম্বর।।
      শারদীয় উৎসবের আবহ যত ঘনিয়ে আসছে, রাজধানীতে ততই সক্রিয় হয়ে উঠছে চোরচক্র। তবে পুলিশের তৎপরতায় এবার পার পেল না দুষ্কৃতীরা। ভোরে খোয়া যাওয়া স্কুটি মাত্র দুই ঘণ্টার ব্যবধানে চোরসহ উদ্ধার করে সাফল্যের মুখ দেখল পূর্ব আগরতলা থানার পুলিশ।
      বৃহস্পতিবার ভোররাতে রাজধানীর ব্যস্ততম মহারাজগঞ্জ বাজারের নেতাজি মূর্তির পাদদেশ এলাকা থেকে বিমল পোদ্দার নামে এক ব্যক্তির একটি স্কুটি চুরি হয়ে যায়। স্কুটিটি খুঁজে না পেয়ে তিনি অবিলম্বে মহারাজগঞ্জ পুলিশ ফাঁড়িতে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার সাথে সাথেই তদন্তে নামে পূর্ব আগরতলা থানার পুলিশ।অভিযোগের ভিত্তিতে দ্রুত অভিযান চালিয়ে ঘটনার মাত্র দুই ঘণ্টার মধ্যে আর.কে. নগর এলাকা থেকে দুই অভিযুক্তকে আটক করতে সক্ষম হয় পুলিশ। আটক ব্যক্তিদের কাছ থেকে উদ্ধার করা হয় চুরি যাওয়া স্কুটিটি।বৃহস্পতিবার পূর্ব আগরতলা থানার ওসি কৃষ্ণধন সরকার একথা জানান।
    অন্যদিকে, পূজা উপলক্ষে অপরাধমূলক কর্মকাণ্ড ও অবৈধ ব্যবসা রুখতে শহরজুড়ে তল্লাশি জোরদার করেছে পুলিশ। পৃথক এক অভিযানে পুলিশ ২৩০ বোতল বিলিতি মদসহ দুই ব্যক্তিকে আটক করেছে। উদ্ধার করা এই অবৈধ মদের আনুমানিক বাজারমূল্য প্রায় এক লক্ষ টাকা। এছাড়া, চন্দ্রপুর এলাকা থেকে চুরি যাওয়া তিনটি জলের মোটরও উদ্ধার করেছে পুলিশ।
স্কুটি চুরি, অবৈধ মদ পাচার এবং জলের মোটর চুরির ঘটনায় মোট চারজনকে আটক করা হয়েছে। আটককৃতদের বৃহস্পতিবারই আদালত সোপর্দ করা হয়েছে। উৎসবের মরশুমে শহরের নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটসাঁট করা হয়েছে এবং অপরাধীদের বিরুদ্ধে এই কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পুলিশ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *