তেলিয়ামুড়া ডেস্ক, ১৯ সেপ্টেম্বর।।
মানবিকতার দাম দিতে হল মার খেয়ে! বিশ্বকর্মা পূজার রাতে দক্ষিণ পুলিনপুর বাইপাসে দুর্ঘটনাগ্রস্তদের উদ্ধার করতে গিয়ে আক্রান্ত হলেন খোয়াই চেবরির বাসিন্দা যতন রুদ্র পাল।
জানা যায়, তেলিয়ামুড়া থেকে আগরতলা ফেরার পথে বাইপাস এলাকায় এক পুরুষ, এক মহিলা ও এক শিশুকে দুর্ঘটনাগ্রস্ত অবস্থায় পড়ে থাকতে দেখে গাড়ি থামান তিনি। অভিযোগ, তখনই স্কুটিতে আসা কয়েকজন যুবক তাঁর ও তাঁর চালকের ওপর চড়াও হয়ে মারধর করে।
এরপরও তিনি আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানেও রেহাই মেলেনি। অভিযোগ, চালক বাইরে বের হতেই হাসপাতালের ভিতর থেকেই যতনবাবুকে টেনে বাইরে এনে বেধড়ক মারধর করা হয় এবং গলার সোনার চেন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয়। নিরাপত্তারক্ষীদের সামনেই এই ঘটনা ঘটে বলে গুরুতর অভিযোগ।
শনিবার তেলিয়ামুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।এখন দেখার পুলিশ প্রশাসন এবিষয়ে কি পদক্ষেপ গ্রহণ করে।

