ডেস্ক রিপোর্টার, ২৪ সেপ্টেম্বর।।
ভারতের যে কয়েকটি বিখ্যাত মন্দির রয়েছে তার মধ্যে গুজরাটস্থিত সোমনাথ মন্দির একটি। সোমনাথ মন্দিরের সংস্কারের ৭৫ বছর পূর্তি উপলক্ষে কেন্দ্রীয় সরকারের উদ্যোগে সমগ্র দেশ থেকে তীর্থযাত্রীরা সেখানে যাচ্ছেন। রাজ্য থেকেও ৭০ জন তীর্থযাত্রী সেই মন্দির দর্শনে যাচ্ছেন। সোমনাথ মন্দির দর্শনে গমনকারী তীর্থযাত্রীদের সঙ্গে বৃহস্পতিবার নিজের সরকারি বাসভবনে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা। সাক্ষাৎকারকালে মুখ্যমন্ত্রী সোমনাথ যাত্রীদের এই বিশেষ ধর্মীয় ও আধ্যাত্মিক যাত্রার শুভকামনা জানান এবং তাঁদের সাথে কুশল বিনিময় করেন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডা. মানিক সাহা জানান যে, ভারতীয় সংস্কৃতি, ঐতিহাসিক ঐতিহ্য এবং সনাতন চেতনার পুনঃজাগরণে সোমনাথ তীর্থযাত্রার বিশেষ গুরুত্ব রয়েছে। তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের মানুষের মধ্যে নিজেদের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা বৃদ্ধি পাচ্ছে। সোমনাথ মন্দির ভারতের অদম্য সভ্যতা, স্বাভিমান এবং আত্মমর্যাদার প্রতীক।” তিনি আরও উল্লেখ করেন যে, এই ধরনের যাত্রার মাধ্যমে বিশেষ করে যুবসমাজ নিজেদের শিকড়, সংস্কৃতি ও ঐতিহ্যের বিষয়ে গভীরভাবে জানতে ও অনুধাবন করতে সক্ষম হবে।
মুখ্যমন্ত্রী আরও আশ্বাস প্রদান করেন যে, রাজ্য থেকে তীর্থযাত্রীরা যাতে নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে এই যাত্রা সম্পন্ন করতে পারেন, সে বিষয়ে সরকারের পক্ষ থেকে সবরকম প্রয়োজনীয় সহযোগিতা ও সুবিধা নিশ্চিত করা হয়েছে।
এদিন অনুষ্ঠানে আগত তীর্থযাত্রীরা মুখ্যমন্ত্রীর এই বিশেষ উদ্যোগ, শুভেচ্ছা এবং আন্তরিক আতিথেয়তার জন্য তাঁর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

