ডেস্ক রিপোর্টার,২২ সেপ্টেম্বর।।
সবুজ আঁচলে ঢাকা নদীর দু-কূল, নান্দনিক আলোর রোশনাই আর চোখ জুড়ানো রূপায়ণ! শতাব্দীর প্রাচীন ঐতিহ্যবাহী হাওড়া নদীকে কেন্দ্র করে নতুন এক ইতিহাসের সূচনা হলো আগরতলায়। স্টিল ব্রিজ থেকে দশমী ঘাট পর্যন্ত ১৭০০ মিটার দীর্ঘ নদীর অংশকে পুনরুজ্জীবিত করে গড়ে তোলা হয়েছে এই আধুনিক রিভারফ্রন্ট।মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহার হাত ধরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়ে গেল বহু প্রতীক্ষিত ‘হাওড়া রিভারফ্রন্ট’ প্রকল্পের।
জমকালো এই উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুরনিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্তসহ প্রশাসনের উচ্চপদস্থ কর্তাব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এখানেই হাওড়া নদীর উন্নয়নের কাজ শেষ নয়।তা এগিয়ে নিয়ে যাওয়া হবে আরও অনেক দূর পর্যন্ত।
এই প্রকল্পের দৈর্ঘ্য স্টিল ব্রিজ থেকে দশমী ঘাট, ১৭০০ মিটার।মূল লক্ষ্য নদী বাঁধ প্রতিরক্ষা ও আধুনিক বিনোদন কেন্দ্র।শুধু সৌন্দর্য্যায়নই নয়, এই প্রকল্পের মূল জোর দেওয়া হয়েছে পরিবেশ সুরক্ষা ও নদী বাঁধ রক্ষায়। নদীর উত্তর তীরে ১৫৫০ মিটার গ্যাবিয়ন ওয়াল ও ৪৩২টি মাইক্রো পাইল এবং দক্ষিণ তীরে ১১০০ মিটার শক্তিশালী গ্যাবিয়ন ওয়াল নির্মাণ করা হয়েছে। নদীর পাড় ও মাটির ক্ষয় রোধে ব্যবহার করা হয়েছে ৫০ ১৯৬৫ বর্গমিটারের বিশেষ জিও-টেক্সটাইল। একই সাথে এলাকার যোগাযোগ ব্যবস্থা সুগম করতে ১০৭০ মিটার পাকা সড়ক এবং স্টিল ব্রিজ থেকে দশমী ঘাট পর্যন্ত ৭৮০ মিটার রাস্তার রূপান্তর ঘটানো হয়েছে।

এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, উন্নয়ন যজ্ঞ জারি রাখাই বর্তমান সরকারের লক্ষ্য এবং উদ্দেশ্য।এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বিগত বাম জামানকে তীব্র কটাক্ষ করেন।উৎসবে ও বিনোদনে আগরতলাবাসীকে এক সুতোয় বাঁধতে দশমী ঘাট এলাকায় গড়ে তোলা হয়েছে ২০২২ বর্গমিটারের সুবিশাল সাংস্কৃতিক পরিকাঠামো।
স্বাস্থ্য সচেতন ও ভ্রমণপিপাসুদের জন্য থাকছে ২৮০ মিটার দীর্ঘ এলিভেটেড ওয়াকওয়ে।৫৫০ মিটার বিস্তৃত ডেডিকেটেড সাইকেল লেন।রয়েছে যোগা ও মেডিটেশন লন এবং ওপেন জিম
চিলড্রেন পার্ক।আরও রয়েছে ফুড প্লাজা ও দৃষ্টিনন্দন ফ্লোরিকালচার।নিরাপত্তার ক্ষেত্রেও রাখা হয়েছে কড়া নজরদারি। পুরো পার্ক ও রিভারফ্রন্ট প্রাঙ্গণকে যুক্ত করা হয়েছে ‘ইন্টিগ্রেটেড কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার’ এর সাথে।
প্রাকৃতিক সৌন্দর্য ও আধুনিক নগর পরিকল্পনার এক অপূর্ব মেলবন্ধনে হাওড়া রিভারফ্রন্ট এখন ত্রিপুরা পর্যটনের নতুন মাইলফলক।নদী আর নগরবাসীর আত্মিক সম্পর্ককে আরও দৃঢ় করতেই আগরতলা স্মার্ট সিটি লিমিটেডের এই বিশেষ উদ্যোগ।

