ডেস্ক রিপোর্টার,৩০ সেপ্টেম্বর।।
এতদিন ধরে রেশন কার্ড থাকলেও নিয়মিত সামাজিক সুরক্ষার চাল, গম বা অন্যান্য বরাদ্দ সামগ্রী নেননি? তবে আপনার জন্য অপেক্ষা করছে বড় খবর।দীর্ঘদিন ধরে যেসব কার্ড ব্যবহার করা হয়নি, প্রশাসন সেগুলিকে ‘সাইলেন্ট’ বা নিষ্ক্রিয় কার্ড হিসেবে চিহ্নিত করেছে। ভুয়ো কার্ডের মাধ্যমে কারচুপি রদ এবং সঠিক উপভোক্তাদের হাতে খাদ্যশস্য পৌঁছে দিতেই এই বড় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।কিন্তু কেন এই সিদ্ধান্ত?প্রথমতঃ, দীর্ঘ সময় ধরে অব্যবহৃত পড়ে থাকা কার্ডগুলির মাধ্যমে যাতে সরকারি বরাদ্দের অপব্যবহার না হয়, তা নিশ্চিত করা।দ্বিতীয়ত, যে সমস্ত পরিবারের সত্যিই খাদ্য সুরক্ষার প্রয়োজন রয়েছে, তাঁদের তালিকার অন্তর্ভুক্ত করার রাস্তা পরিষ্কার করা।তৃতীয়তঃ, গ্রাহকদের বায়োমেট্রিক তথ্য ও কার্ড সক্রিয়তা পরীক্ষার চূড়ান্ত ধাপ সম্পন্ন করা।
তবে রেশন কার্ড নিষ্ক্রিয় হয়ে গেলেও গ্রাহকরা আরও একবার সুযোগ পাবেন তা সক্রিয় করার।খবর, ১ অক্টোবর থেকে আগামী বছরের ১ জানুয়ারি পর্যন্ত গ্রাহকরা ই-কেওয়াইসির মাধ্যমে রেশন কার্ড ফের সক্রিয় করতে পারবেন।বর্তমানে রেশন কার্ডধারীদের ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড ও পিডিএসের তথ্য মিলিয়ে দেখা হচ্ছে। এরপরই ভুয়ো ও নিষ্ক্রিয় রেশন কার্ড বাতিল করার প্রক্রিয়া শুরু হবে।
অনেকে রেশন কার্ড তৈরি করেছেন অন্যান্য সরকারি পরিষেবা পাওয়ার জন্য। তাঁরা পিডিএস সিস্টেমের মাধ্যমে রেশন নেন না। এই ধরনের গ্রাহকদের চিহ্নিত করতে এবং অযোগ্য কার্ড হোল্ডারদের এই পরিষেবা থেকে বাদ দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

