ডেস্ক রিপোর্টার, ৪ অক্টোবর।।
বিশ্বখ্যাত খাদ্য প্রস্তুতকারী সংস্থা ‘নেসলে’-র জনপ্রিয় পণ্য ‘লো ফ্যাট ডেইরি হোয়াইটনার’ পরক্ষা করে নিম্নমানের বলে ঘোষণা করল ভারতের খাদ্য সুরক্ষা ও মান নির্ধারণকারী সংস্থা বা এফএসএসএআই একটি সরকারি ল্যাবরেটরিতে সংগৃহীত নমুনা পরীক্ষার পরই এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানিয়েছে খাদ্য নিরাপত্তা দপ্তর।
এফএসএসএআই’র প্রকাশিত সাম্প্রতিক বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজধানী নয়াদিল্লির কেন্দ্রস্থল কনট প্লেসে অবস্থিত বিখ্যাত ‘মেসার্স ভারত হোটেলস লিমিটেড’ থেকে সংশ্লিষ্ট ডেইরি হোয়াইটনারের নমুনাটি সংগ্রহ করা হয়েছিল। খাদ্য সুরক্ষা আধিকারিকদের পরিচালিত একটি নির্দিষ্ট অভিযানে ওই নমুনাটি জব্দ করা হয়।

পরবর্তীতে ল্যাবরেটরি পরীক্ষায় দেখা যায়, সংগৃহীত নমুনাটি নির্ধারিত গুণমান ও খাদ্যের মানদণ্ড বজায় রাখতে ব্যর্থ হয়েছে। আইনানুগ নিয়ম না মানায় এবং উপাদানের গুণগত ঘাটতি থাকায় এটিকে আনুষ্ঠানিকভাবে ‘নিম্নমানের’ হিসেবে চিহ্নিত করেছে দপ্তর।
জনস্বাস্থ্য ও উপভোক্তাদের সুরক্ষার স্বার্থে খাদ্য সুরক্ষা দপ্তর ইতোমধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ শুরু করেছে।
দেশের প্রথম সারির একটি বহুজাতিক সংস্থার ব্র্যান্ডেড
খাদ্যপণ্য ল্যাব পরীক্ষায় নিম্নমানের প্রমাণিত হওয়ায় স্বাভাবিকভাবেই উপভোক্তা ও বাজার বিশেষজ্ঞদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

