ডেস্ক রিপোর্টার, ২২ নভেম্বর।।
আসন্ন আগরতলা পৌরনিগম নির্বাচনকে সামনে রেখে ঘর গোছাতে শুরু করেছে শাসকদল বিজেপি। তবে রাজনৈতিক মহলের মতে, পুর নির্বাচনের এই প্রস্তুতির আড়ালে দলের মূল লক্ষ্য ২০২৮ সালের বিধানসভা নির্বাচন। বিশেষ করে ২০২৩ সালের বিধানসভা নির্বাচনে আগরতলা সংলগ্ন যে তিনটি আসন— টাউন প্রতাপগড়, বামুটিয়া এবং বড়জলা— বিরোধীদের দখলে গিয়েছিল, সেই আসনগুলিতে সংগঠন মজবুত করাই এখন গেরুয়া শিবিরের প্রধান চ্যালেঞ্জ। এরই অংশ হিসেবে শনিবার বড়জলা মন্ডলের অধীনস্থ পাঁচটি ওয়ার্ডের নির্বাচনী রণকৌশল নির্ধারণে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হলো।
নির্বাচনে বড়জলা মন্ডলের অন্তর্গত ৫টি ওয়ার্ডে দলীয় প্রার্থীদের জয় নিশ্চিত করতে শনিবার বিজেপি কার্যালয়ে এই সাংগঠনিক বৈঠক বসে। বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি প্রভারী মৃগাঙ্ক দেও বর্মন, প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায়, দলের প্রদেশ সম্পাদক বিপিন দেববর্মা এবং বড়জলা মন্ডলের সভাপতি রাজীব ঘোষ।

বৈঠকে বুথ স্তরের সংগঠন এবং আসন্ন পুর নির্বাচনের রণকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উল্লেখ্য, বড়জলা বিধানসভা আসনটি বর্তমানে বামেদের দখলে রয়েছে। স্থানীয় বিজেপি কর্মী ও সমর্থকদের মতে, ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে রাজীব ঘোষের নেতৃত্বে এই আসনটিতে জয়লাভ করেছিল বিজেপি। পরবর্তীতে ২০২৩ সালের নির্বাচনের আগে মন্ডলের নেতৃত্বে পরিবর্তন আনা হয়। তবে পুনরায় রাজীব ঘোষকে বড়জলা মন্ডলের দায়িত্ব দেওয়ার পর এলাকায় দলের সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি পেয়েছে বলে দলীয় সূত্রে দাবি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বড়জলা মন্ডলে বিজেপির এই তৎপরতার পেছনে দ্বিমুখী লক্ষ্য কাজ করছে। প্রথমত, আসন্ন পৌরনিগম নির্বাচনে মন্ডলের ৫টি ওয়ার্ডেই জয়লাভ করা এবং দ্বিতীয়ত,সেই সাংগঠনিক শক্তিকে কাজে লাগিয়ে আগামী বিধানসভা নির্বাচনে বামেদের হাত থেকে বড়জলা আসনটি পুনরুদ্ধার করা।সে যাই হোক,পুর নির্বাচনের এই মহড়া আগামী দিনে বড়জলা তথা আগরতলার রাজনীতিতে কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার।

