তেলিয়ামুড়া ডেস্ক, ১ অক্টোবর।
জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী উপলক্ষে গোটা দেশের সঙ্গে তাল মিলিয়ে তেলিয়ামুড়া মহকুমাতেও বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সেই কর্মসূচিরই অংশ হিসেবে বৃহস্পতিবার ‘এক ঘণ্টা একসাথে’ শীর্ষক কর্মসূচির মাধ্যমে স্বচ্ছ ভারত অভিযানে সামিল হল লক্ষীপুর গ্রাম পঞ্চায়েত।
তেলিয়ামুড়া আর ডি ব্লকের অন্তর্গত লক্ষীপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে সংশ্লিষ্ট এলাকায় আয়োজিত হয় বিশেষ পরিচ্ছন্নতা অভিযান। এদিন পঞ্চায়েতের বিভিন্ন এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে স্বচ্ছতা ও পরিচ্ছন্নতার গুরুত্ব সম্পর্কে সচেতনতা গড়ে তোলার বার্তাও দেওয়া হয়।
এই স্বচ্ছ ভারত অভিযানে অংশ নেন লক্ষীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান কৃষ্ণ গোপাল নন্দী, উপপ্রধান বিমল দাস সহ পঞ্চায়েতের অন্যান্য সদস্য ও সংশ্লিষ্টরা। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এলাকার পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি আগামী দিনেও এই ধরনের কর্মসূচি অব্যাহত রাখার বার্তা দেওয়া হয়।
উল্লেখ্য, মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তীকে সামনে রেখে দেশজুড়ে পরিচ্ছন্নতা ও স্বচ্ছতার বার্তা ছড়িয়ে দিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সেই ধারাবাহিকতায় লক্ষীপুর গ্রাম পঞ্চায়েতের এই উদ্যোগ স্থানীয়ভাবে পরিচ্ছন্নতা সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

