কমলপুর ডেস্ক, ২ রা অক্টোবর।।
প্রাপ্ত খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে কমলপুর পুলিশের বড়সড় সাফল্য। দুর্গাচৌমুহনী নাকা পয়েন্টে একটি ফোর্ড গাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হলো প্রায় ২৯.৮ কেজি গাঁজা। ঘটনায় গাড়ির চালককে আটক করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে, সিধাই মোহনপুরের দিক থেকে আসামের উদ্দেশ্যে যাচ্ছিল ফোর্ড গাড়িটি। দুর্গাচৌমুহনী নাকা পয়েন্টে গাড়িটি থামিয়ে তল্লাশি চালাতেই উদ্ধার হয় বিপুল পরিমাণ গাঁজা।
তল্লাশির সময় গাড়িতে চালক ছাড়া আর কেউ ছিলেন না। গাড়ি থেকে মোট ২৯.৮ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। পরে গাড়ি ও উদ্ধার হওয়া গাঁজা জব্দ করা হয় এবং চালককে আটক করা হয়।
ঘটনাস্থলে উপস্থিত ছিলেন কমলপুর মহকুমা পুলিশ আধিকারিক সৌরভ সেন। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে গাঁজা কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা জানার চেষ্টা চলছে।
ঘটনায় এনডিপিএস আইনে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। কমলপুর পুলিশের এই অভিযানে মাদক পাচারের একটি বড়সড় চেষ্টা আটকে গেল।

