ডেস্ক রিপোর্টার,২রা অক্টোবর।।

রাজধানী আগরতলার উপকন্ঠে সূর্যমণিনগরের ৯৭ একরের চিরসবুজ ক্যাম্পাসে উদ্ভাসিত ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় পালন করল তার ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের মহারাজা বীর বিক্রম শতবার্ষিকী ভবনে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয় এই বিশেষ দিনটি। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, উচ্চশিক্ষা দপ্তরের মন্ত্রী কিশোর বর্মন,ছিলেন ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটির আচার্য আহমেদ জাভেদ, উপাচার্য প্রফেসর ড. দেবব্রত দাস সহ অন্যান্যরা।এদিন প্রধান অতিথির বক্তব্যে মুখ্যমন্ত্রী শিক্ষা ও গবেষক তৈরির ক্ষেত্রে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অবিস্মরণীয় অবদানের ভূয়সী প্রশংসা করেন। একই সাথে তিনি আগামী দিনে এই প্রথীতযশা শিক্ষা প্রতিষ্ঠানের উত্তোরোত্তর শ্রীবৃদ্ধি ও সাফল্য কামনা করেন।

প্রসঙ্গত, ১৯৭৬ সালে এমবিবি কলেজ প্রাঙ্গণে কলকাতা বিশ্ববিদ্যালয়ের একটি স্নাতকোত্তর কেন্দ্র হিসেবে প্রথম যাত্রা শুরু হয়েছিল এই বিশ্ববিদ্যালয়ের। পরবর্তীতে ১৯৮৭ সালের ২ অক্টোবর গান্ধী জয়ন্তীর শুভলগ্নে রাজ্য বিশ্ববিদ্যালয় এবং ২০০৭ সালের ২ জুলাই সংসদীয় আইনের মাধ্যমে এটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ মর্যাদা লাভ করে।

আজ বিজ্ঞান, কলা, বাণিজ্য ও কারিগরি শিক্ষার নতুন নতুন দিগন্ত উন্মোচনের পাশাপাশি এক বিশ্বমানের গবেষণা কেন্দ্রে পরিণত হয়েছে এই বিশ্ববিদ্যালয়। উপজাতীয় ও অ-উপজাতীয় কৃষ্টি-সংস্কৃতির মেলবন্ধনে গড়ে ওঠা এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি বর্তমানে রাজ্যের বহু কলেজের অভিভাবকতুল্য।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *