ডেস্ক রিপোর্টার,৩ রা অক্টোবর।।
      কাশফুল, শিউলি ফুল আর ঢাকের বাদ্যি ছাড়া  শারদোৎসব ভাবাই যায় না। দুর্গাপূজায় ঢাকের সুর বাঙালির আবেগের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আধুনিক প্রযুক্তি ও ডিজিটাল সাউন্ড সিস্টেমের দাপটে উৎসবের ধরন বদলালেও পূর্বপুরুষের এই ঢাকের ঐতিহ্যকে আজও সগর্বে টিকিয়ে রেখেছেন তেলিয়ামুড়ার সুকান্ত পল্লী কালীবাড়ি এলাকার বাসিন্দা বলরাম ঋষি দাস।দীর্ঘ ৫০ বছর ধরে ঢাক বাজিয়ে চলেছেন বলরামবাবু।
সময়ের সাথে সাথে আধুনিক যন্ত্রানুসঙ্গের ব্যবহার বাড়ায় ঐতিহ্যবাহী ঢাকিদের কাজের সুযোগে প্রভাব পড়েছে, তৈরি হয়েছে নতুন চ্যালেঞ্জ। তবু তাঁর মতে, সন্ধিপূজা, বোধন কিংবা ধুনুচি নাচে ঢাকের চিরচেনা ছন্দ ছাড়া দুর্গাপূজার আনন্দ অসম্পূর্ণ।
ঢাকিদের হাতের ছন্দে কেবল বাদ্যযন্ত্রের আওয়াজ ওঠে না, বরং ফুটে ওঠে প্রজন্মের পর প্রজন্ম ধরে বহন করে আনা লোকসংস্কৃতি ও পারিবারিক শিক্ষার গল্প। আধুনিকতার জাঁকজমকের মাঝে বলরাম ঋষি দাসের এই দীর্ঘ পথচলা প্রমাণ করে—আন্তরিক প্রচেষ্টা থাকলে শত পরিবর্তনের মধ্যেও ঐতিহ্যের সুর কখনো হারিয়ে যায় না। এই ঐতিহ্যবাহী শিল্পকে বাঁচিয়ে রাখতে এখন প্রয়োজন সামাজিক স্বীকৃতি ও নতুন প্রজন্মের আন্তরিক আগ্রহ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *