ডেস্ক রিপোর্টার,৩ রা অক্টোবর।।

উৎসব আবহে খোয়াইয়ের রতনপুরে একাদশ শ্রেণির ছাত্র ঋতু দেববর্মার ওপর ছয় দুষ্কৃতীর হামলা ও মারধরের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ, তাঁকে বেধড়ক মারধর করে জঙ্গলে ফেলে রাখে। আহত ছাত্রের বাবা স্বপন দেববর্মার দাবি, এটি পরিকল্পিতভাবে হত্যার চেষ্টা ছিল। ঘটনার সময় ঋতুর এক বন্ধু সঙ্গে থাকলেও সে ভয়ে পালিয়ে বাঁচে।

এ খবর পেয়ে বাবা স্বপন দেববর্মা ছেলেকে উদ্ধার করে প্রথমে রতনপুর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে খোয়াই জেলা হাসপাতালে রেফার করা হয়। তবে জরুরি পরিষেবা নিয়ে রতনপুর হাসপাতালের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন পরিবার। অভিযোগ, সেখানে যথাসময়ে ডাক্তার, নার্স ও অ্যাম্বুলেন্স পাওয়া যায়নি। বাধ্য হয়ে স্ট্যান্ড থেকে গাড়ি ভাড়া করে ঋতুকে খোয়াই জেলা হাসপাতালে ভর্তি করা হয়।

বর্তমানে আহত ছাত্র ঋতু খোয়াই হাসপাতালে চিকিৎসাধীন। তার বাবা স্বপন দেববর্মা বাইজালবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। কে বা কারা এবং কী উদ্দেশ্যে এই হামলা চালাল, তা নিয়ে প্রশ্ন উঠছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। স্থানীয় বাসিন্দারা আহত ছাত্র ঋতুর দ্রুত সুস্থতার কামনা করেছে।সেইসাথে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *