Oplus_16908288

খোয়াই ডেস্ক,৪ অক্টোবর।।
           খোয়াই শহরের উন্নয়নে একাধিক পরিকল্পনা হাতে নিয়েছে খোয়াই পুর পরিষদ এই অনুসারে কাজও চলছে।এরমধ্যে খোয়াই বনকর ভোলাগিরি আশ্রম থেকে পুরান বাজার থানা পর্যন্ত রাস্তার দুই পাশে চলা পেপার ব্লকের কাজ নিয়ে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে। অভিযোগ উঠেছে নিম্নমানের ঢালাই এবং অপরিকল্পিত নির্মাণের।
সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে রাস্তা সম্প্রসারণের পদ্ধতি নিয়ে। এলাকাবাসীর দাবি, বিদ্যুতের খুঁটিগুলি আগের স্থানে রেখেই রাস্তার অংশ চওড়া করে পেপার ব্লক বসানো হচ্ছে। ফলে রাস্তার প্রকৃত উদ্দেশ্য ভেস্তে যাচ্ছে। পূর্ত দফতর এবং বিদ্যুৎ দপ্তরের মধ্যে সমন্বয়ের অভাবেই এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করছেন সাধারণ মানুষ। খুঁটি না সরিয়ে কাজ করায় ভবিষ্যতে আবার রাস্তা ভেঙে খুঁটি সরানোর প্রয়োজন হতে পারে, যা সরকারি অর্থের চরম অপচয়।
     পাশাপাশি পেপার ব্লকের নিচের ঢালাইয়ের গুণমান নিয়েও সংশয় প্রকাশ করেছেন স্থানিয়রা। সামান্য বৃষ্টিতেই ধস নেমে পেপার ব্লক সরে গিয়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে। এতে পথচারী, স্কুলপড়ুয়া, এমনকি অ্যাম্বুলেন্স ও ফায়ার ব্রিগেডের মতো জরুরি পরিষেবার গাড়ি চলাচলেও চরম ঝুঁকি তৈরি হবে।কাজের সময়ই দপ্তরের ইঞ্জিনিয়ারদের সরেজমিনে পরিদর্শন ও গুণমান যাচাইয়ের দাবি উঠেছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তার দায় কে নেবে—কন্ট্রাক্টর নাকি প্রশাসন? এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে খোয়াইবাসীর মুখে। তবে ক্যামেরার সামনে কেউই মুখ খুলতে নারাজ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *