Oplus_16908288

খোয়াই ডেস্ক, ৪ অক্টোবর।।
     অনুপ্রবেশ রোধ করতে রাজ্যের সীমান্ত এলাকায় রয়েছে কাঁটা তারের বেড়া।উপরন্তু রয়েছে বিএসএফ’র ২৪ ঘন্টা কঠোর নজরদারি।তা সত্ত্বেও রাজ্যে  অনুপ্রবেশের ঘটনা ঘটেই চলেছে।এমনই ঘটনা খোয়াই জেলার করঙ্গীছড়া এলাকায়। শনিবার রাতে পাঁচ জনের গতিবিধি দেখে সন্দেহ হওয়ায় এলাকাবাসীরাই প্রথমে তাঁদের আটক করে খবর দেন পুলিশে। চাম্পাহর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। প্রাথমিক তথ্যানুযায়ী, ধৃতদের মধ্যে অমৃত তেলেঙ্গা ও ধনঞ্জয় তেলেঙ্গা নামে দুজন ভারতীয় নাগরিক। যারা টাউট হিসেবে পরিচিত।অপর তিনজন—নেপাল দাস, কনক বালা দাস এবং মুন্নি দাস বাংলাদেশি নাগরিক বলে সন্দেহ করা হচ্ছে। রবিবার সকালে ধৃতদের খোয়াই জেলা আদালতে পেশ করা হয়।
এই অনুপ্রবেশের ঘটনায় সীমান্ত নিরাপত্তা ও প্রশাসনের নজরদারি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। বিএসএফ এর কড়া প্রহরা থাকা সত্ত্বেও কীভাবে বিদেশিরা অবাধে ভারতে প্রবেশ করছেন এবং অভ্যন্তরীণ গোয়েন্দা ব্যবস্থা কেন তা আগে থেকে টের পাচ্ছে না, তা নিয়ে নানা প্রশ্ন উঠছে।
পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনীর সমন্বয় বাড়ানো এবং গ্রামে রাতে টহল জোরদার করার দাবি তুলেছেন স্থানীয়রা। তবে ধৃতদের কাছে কোনো বৈধ নথি ছিল কি না বা তাঁদের উদ্দেশ্য কী ছিল, সে বিষয়ে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আনুষ্ঠানিক বক্তব্য জানাননি পুলিশ।








Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *