ডেস্ক রিপোর্টার,৫ অক্টোবর।।
ভিলেজ ভোট গণনা কেন্দ্র করে রণক্ষেত্র খোয়াই জেলার তুলাশিখর ব্লকের চাম্পাহাওর চৌমুনী। সোমবার সকালে গণনা কেন্দ্রের সামনে তিপ্রামথা ও আইপিএফটি কর্মীদের সংঘর্ষ কেন্দ্র করে অগ্নিগর্ভ হয়ে উঠে গোটা এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও নিরাপত্তাকর্মীরা বাধ্য হয়ে লাঠি চার্জ করে। পুলিশের লাঠি চার্জে বেশ কয়েকজন আহত হয়েছেন। অভিযোগ, নিরাপত্তার কর্মীদের লাঠির আঘাতে মাথার চোট পেয়ে মৃত্যু হয়েছে “বাঙালি বাবু” মতিলাল কর্মকারের। তিনি ছিলেন তিপ্রামথার কর্মী। তার মৃত্যুর সঠিক তদন্তের দাবি করছেন তিপ্রামথার বিধায়ক রঞ্জিত দেববর্মা।
পুলিশের বক্তব্য, গণনা কেন্দ্রের সামনে এক সময় মথার কর্মীরা উশৃঙ্খল আচরণ শুরু করে। তাদেরকে অনেক বুঝানোর পরও, কিছুতেই মানতে চায় নি। শেষ পর্যন্ত মথার কর্মীরা পুলিশের ব্যারিকেড ভেঙে গণনা কেন্দ্রের ভিতরে প্রবেশের চেষ্টা করে। এবং পুলিশকে লক্ষ্য করে গুলতি থেকে বুলেট নিক্ষেপ করে।তখন পুলিশ বাধ্য হয়ে লাঠি চার্জ করে।

স্থানীয়দের বক্তব্য, পুলিশের লাঠি চার্জে রক্তাক্ত মতিলাল কর্মকারকে প্রথমে নিয়ে আসা হয় তেলিয়ামুড়া হাসপাতালে। সেখান থেকে তাকে জিবি হাসপাতালে রেফার করা হয়। রাস্তাতেই মৃত্যু হয় মতিলালের। নিহত মতিলাল কর্মকারের স্ত্রী, ঘটনার সুষ্ঠ দাবি জানিয়ে দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
পুলিশ জানিয়েছে, তিপ্রামথার কর্মীদের ইট, পাটকেল ও গুলতির আঘাতে বেশ কয়েকজন পুলিশ ও নিরাপত্তা কর্মী গুরুতর জখম হয়েছেন। রক্তাক্ত হয়েছেন বেশ কয়েকজন। তারাও হাসপাতালে চিকিৎসাধীন।

এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, মতিলাল কর্মকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। এবং ঘটনার উপযুক্ত তদন্তের আশ্বাস দিয়েছেন। তাছাড়া নিহত মতিলাল কর্মকারের পরিবারকে সরকারি ভাবে সমস্তসাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন।

