ডেস্ক রিপোর্টার,৫ অক্টোবর।।
ত্রিপুরা স্বশাসিত এডিসি ভিলেজ কমিটির নির্বাচনের ফলাফল ঘোষিত হয়েছে রাজ্যজুড়ে। কুমারঘাট ব্লকের মোট নয়টি এডিসি ভিলেজ এবং সাতষট্টিটি আসনের মধ্যে ফলাফল অনুসারে তিপ্রা মথা দল মোট ৪০টি আসন পেয়ে বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। ভারতীয় জনতা পার্টি পেয়েছে বাইশটি আসন এবং নির্দল প্রার্থীরা পেয়েছে পাঁচটি আসন। এই নির্বাচনে সিপিএম ও কংগ্রেস খাতা খুলতে পারেনি।

বিশেষ উল্লেখ্য, দারচই এডিসি ভিলেজে নির্দল প্রার্থীরা চমক দেখিয়েছে। কুমারঘাট ব্লকের বিডিও তথা রিটার্নিং অফিসার সুশান্ত দত্ত জানিয়েছেন, পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। দলভিত্তিক আসন বিন্যাসে, ডেমডুম, জুরিচড়া, রাজকান্দি এবং সায়দাচড়া ভিলেজে তিপ্রা মথা জয়ী হয়েছে, আর অন্যদিকে দক্ষিণ উনকোটি, দেওবেলি, ইস্ট বেতচড়া ইস্ট রাইতুষা এবং ফটিকছড়া দশরথ দেব এডিসি ভিলেজে বিজেপি জিতেছে।

