ডেস্ক রিপোর্টার,১০ অক্টোবর।।
বিদ্যুৎ বিলের লাগামছাড়া বৃদ্ধি, করের ক্রমবর্ধমান বোঝা এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজের ব্যয় বরাদ্দ নিয়ে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটি। শনিবার আগরতলা কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রার খরচ বৃদ্ধি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।
পাশাপাশি, আগরতলার দৈনিক বাজারের ব্যবসায়ীদের উচ্ছেদ, পুনর্বাসন এবং তীব্র পার্কিং সমস্যা নিয়েও সরব হয় কংগ্রেস। শহরের বাজার ব্যবস্থাপনা ও যানজট নিরসনের নামে নেওয়া সরকারি পদক্ষেপে ক্ষুদ্র ব্যবসায়ীরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে অভিযোগ করা হয়। পর্যাপ্ত পার্কিং ব্যবস্থার অভাবে শহরবাসীর ভোগান্তি বাড়ছে এবং বড় বড় হোটেল ও বাণিজ্যিক নির্মাণের ক্ষেত্রে পার্কিংয়ের বিষয়টি সঠিকভাবে খতিয়ে দেখা হচ্ছে না বলে দাবি করা হয়। উন্নয়নের নামে সাধারণ মানুষের স্বার্থহানি না করে, সংশ্লিষ্ট সকলের মতামত নিয়ে স্থায়ী সমাধানের দাবি জানিয়েছে কংগ্রেস।
এদিনের সাংবাদিক বৈঠকে অন্যান্যের মধ্যে কংগ্রেস নেতা প্রশান্ত সেনচৌধুরী, শ্যামল পাল ও নীলকমল সাহা উপস্থিত ছিলেন।

