ডেস্ক রিপোর্টার,১১ অক্টোবর।।
রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় এক যুগান্তকারী পদক্ষেপ। আগরতলার আইজিএম কমপ্লেক্সে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে গুরুতর হিমোফিলিয়া A-তে আক্রান্ত রোগীদের জন্য জীবনদায়ী ওষুধ এমিসিজুমাব কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করলেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা।
এদিন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়ন এবং সাধারণ মানুষের দোরগোড়ায় আধুনিক চিকিৎসা পৌঁছে দিতে বর্তমান সরকার সম্পূর্ণরূপে প্রতিজ্ঞাবদ্ধ। হিমোফিলিয়া রোগীদের দীর্ঘদিনের কষ্ট লাঘব করতে এই বিশেষ কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন,রাজ্যে আরও দুইটি ম্যাডিকেল কলেজ হচ্ছে।একটি দক্ষিণ ত্রিপুরার জোলাইবাড়িতে এবং অন্যটি আমবাসায়।
অনুষ্ঠানে স্বাস্থ্য দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকসহ বিশিষ্ট চিকিৎসকরা উপস্থিত ছিলেন। বিশেষজ্ঞদের মতে, এমিসিজুমাব চালুর ফলে হিমোফিলিয়া রোগীদের রক্তপাতের ঝুঁকি কমবে এবং তারা আরও সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন।

