ডেস্ক রিপোর্টার, ৮ নভেম্বর।।
রাজ্যের এডিসি এলাকায় জনজাতিদের জমির অধিকার সুনিশ্চিত করতে ৮ সদস্যের কমিটি গঠন করেছে রাজ্য সরকার। রাজ্য সরকারের একজন যুগ্ম সচিব নব গঠিত কমিটিকে সিলমোহর দিয়েছেন। মূলত এডিসি এলাকায় জনজাতিদের জমি সংক্রান্ত সমস্যার সমাধান করবে এই কমিটি।
রাজ্য সরকারের আদিবাসী কল্যাণ দপ্তরের সচিবকে এই কমিটির আহবায়ক করা হয়েছে। তাছাড়া সদস্য হিসাবে আছেন টিটিএএডিসি- র সিইও, রাজ্য সরকারের স্বরাষ্ট্র সচিব, রাজ্য সরকারের রাজস্ব সচিব, রাজ্য সরকারের ভূমি রেকর্ড ও বন্দোবস্ত দপ্তরের অধিকর্তা, এডিসির ভূমি, রেকর্ড ও বন্দোবস্ত দপ্তরের প্রিন্সিপাল অফিসার, প্রিন্সিপাল অফিসার ( আইন) টিটিএএডিসি।

সম্প্রতি প্রদ্যুৎ কিশোর দেববর্মন বলেছিলেন, ” জনজাতিদের জমি অধিকার সংক্রান্ত বিষয়ে গঠন করা হবে কমিটি। ইতিমধ্যে এই সংক্রান্ত বিষয়ে দেশের স্বরাষ্ট্ মন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে বৈঠক হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে।
রাজনীতিকরা বলছেন, রাজ্যের জনজাতিদের জমি অধিকার আন্দোলন বাস্তবায়নের প্রথম ধাপ রাজ্য সরকারের এই কমিটি। প্রদ্যুৎ কিশোরের এই বক্তব্যে প্রভাব পড়বে জনজাতি ভোটে। পুর ও নগর ভোটে জনজাতি ভোটাররা যেন এনডিএ- র প্রার্থীদের ভোট দেয়, তার জন্য এটা প্রদ্যুৎ কিশোরের নতুন টোপ।

