কুমারঘাট ডেস্ক, ৭ নভেম্বর।।
আসন্ন শ্যামা পূজায় উত্তর ত্রিপুরার কুমারঘাটের ইয়ং স্টার ক্লাবের মণ্ডপসজ্জা এবার এক অনন্য উচ্চতায় পৌঁছাতে চলেছে। দর্শনার্থীদের সম্মোহিত করতে ত্রিপুরার ঐতিহ্যবাহী বাঁশ-বেতের সূক্ষ্ম কারুশিল্প এবং পৌরাণিক গোবর্ধন পর্বতের ত্রিমাত্রিক রূপ ফুটিয়ে তোলা হচ্ছে এই মণ্ডপে।প্রায় ৪০ ফুট সুউচ্চ এই প্যান্ডেলের আকর্ষণীয় নির্মাণশৈলী এবং দেও সেতু থেকে পুরাতন শিবতলী পর্যন্ত চোখ ধাঁধানো আলোকসজ্জা পুরো এলাকায় এক মায়াবী পরিবেশ তৈরি করবে। নান্দনিকতার এই ছোঁয়া দেখতে এখন থেকেই রোমাঞ্চিত দর্শনার্থীরা।
ক্লাবের অন্যতম কর্মকর্তা সুবীর দে ও সুদীপ দেব জানিয়েছেন, সাড়ে ছয় লক্ষ টাকা বাজেটের এই বিশাল আয়োজনে শুধু বিনোদন বা জাঁকজমকই নয়, সামাজিক দায়বদ্ধতাকেও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে।
পূজা কমিটির সভাপতি সমরজিৎ দাস এবং সম্পাদক প্রণয় দাস বিশ্বাস আশাবাদী যে, নান্দনিকতা এবং ভক্তির এই অপূর্ব সমন্বয় প্রতিটি দর্শনার্থীর হৃদয়ে এক চিরস্থায়ী আসন করে নেবে। কুমারঘাটের এই পূজামণ্ডপ যে এ বছরের অন্যতম প্রধান আকর্ষন হতে চলেছে, তা বলাই বাহুল্য।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *