Image ref 115652435. Copyright Shutterstock No reproduction without permission. See www.shutterstock.com/license for more information.

ডেস্ক রিপোর্টার,৯ নভেম্বর।।
    লোকসভা নির্বাচনের পর দলে কিছুটা অক্সিজেন ফিরলেও, আর্থিক দিক থেকে স্বস্তিতে নেই ভারতের জাতীয় কংগ্রেস। হাত শিবিরের তহবিল ঘাটতি নিয়ে উদ্বেগের ছবি ফুটে উঠল দলের শীর্ষ মহলেই। কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সাম্প্রতিক বৈঠকে পেশ করা একটি অভ্যন্তরীণ আর্থিক রিপোর্টে জানা গেছে, গত এক বছরে দলের অনুদানের পরিমাণ এক ধাক্কায় ৭৫ শতাংশেরও বেশি কমে গেছে।রিপোর্টের দেওয়া হিসাব অনুযায়ী, গত অর্থবর্ষে যে ফান্ড সংগ্রহ হয়েছিল, তার তুলনায় বর্তমান বছরে বড় অঙ্কের অনুদানের পরিমাণ প্রায় ৪০০ কোটি টাকা কমেছে। গত বছর যেখানে বিপুল পরিমাণ অর্থ সাহায্য পাচ্ছিল দল, সেখানে এ বছর বড় কর্পোরেট ও হেভিওয়েট দাতারা হাত শিবিরকে বড় অঙ্কের অনুদান দেওয়া থেকে দূরত্ব বজায় রেখেছেন।
এই বিপুল পরিমাণ অর্থ হ্রাসের পর কংগ্রেসের সংগৃহীত অনুদানের পরিমাণ কোনওক্রমে ১০০ কোটি টাকার গণ্ডি পার করতে পেরেছে।
মূলত ২০,০০০ টাকা বা তার চেয়ে বেশি অঙ্কের অনুদানের ক্ষেত্রেই এই রেকর্ড পতন লক্ষ্য করা গেছে। নির্বাচন কমিশন ও দলের অডিট রিপোর্টের হিসাব বলছে, বড় অঙ্ক দিতে ইচ্ছুক অনুদানকারীর সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে গেছে।ফলে এক বছরের ব্যবধানে সামগ্রিক তহবিলে তিন- চতুর্থাংশের বেশি অনুদান কমে যাওয়া দলের দৈনন্দিন কাজকর্ম ও আগামী রাজ্য নির্বাচনগুলোর প্রচার চালানোর ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে।
অন্যদিকে  ২০২৪-২৫ অর্থবর্ষের রিপোর্ট বলছে, ২০ হাজার বা তার বেশি অঙ্কের অনুদানের নিরিখে কংগ্রেসের প্রায় ১২ গুণ বেশি অর্থ পেয়েছে বিজেপি। যেখানে হাত শিবির পেয়েছে ৫১৭.৩৯ কোটি টাকা, সেখানে বিজেপির ঝুলিতে এসেছে ৬০৭৪.০২ কোটি টাকা। তবে ২০২৫-২৬ অর্থবর্ষে বিজেপি কত অনুদান পেয়েছে তা এখনও প্রকাশ্যে আসেনি।
রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, ইলেক্টোরাল বন্ড সংক্রান্ত নানা জটিলতা এবং নির্বাচনী ফলাফলের ওঠানামার কারণে বড় অঙ্কের করপোরেট ফান্ডিং পেতে সমস্যার মুখে পড়ছে কংগ্রেস। অন্যদিকে, রাজস্থান, ছত্তীসগঢ়ের মতো বড় রাজ্যের হাতছাড়া হওয়াও অনুদানের পরিমাণ কমার অন্যতম কারণ হতে পারে।দলের অন্দরের বৈঠকে এই অনুদান হ্রাস নিয়ে ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছেন শীর্ষ নেতারা। এ নিয়ে ছোট আকারের অনুদান বা সাধারণ কর্মীদের কাছ থেকে ‘ক্রাউড ফান্ডিং’র মাধ্যমে তহবিল বাড়াতে আগামী দিনে কী কৌশল নেওয়া হবে, তা নিয়েও আলোচনা শুরু হয়েছে।







            


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *