ডেস্ক রিপোর্টার, ১৪ নভেম্বর।।
    বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বহু আগেই ঘোষণা করেছেন যে তিনি ডিসেম্বরে বাংলাদেশ ফিরে যাচ্ছেন। সেই উদ্দেশে ইতিমধ্যেই তিনি পাসপোর্টের আবেদন করেছেন। যা সরাসরি নাকচ করে দিয়েছে বাংলাদেশের বিএনপির তারেক রহমানের সরকার। শেখ হাসিনার আওয়ামি লিগের কট্টর বিরোধী বিএনপির এই সরকারের আইনমন্ত্রী এদিন শেখ হাসিনার বাংলাদেশ ফেরার প্রক্রিয়ার ইস্যুতে মুখ খুলেছেন। আর তাতেই তিনি ভারতের প্রতি দিয়েছেন এক বার্তা।
   প্রসঙ্গত, শেখ হাসিনার দেশে ফেরা ইস্যুতে একাধিক সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী, হাসিনার বাংলাদেশে ফেরার জন্য তারেক রহমানের সরকারকে ২টি শর্ত দিয়েছে নয়াদিল্লি। সেই শর্তের মাধ্যমে হাসিনার সুবিচার এবং নিরাপত্তাই নিশ্চিত করতে চেয়েছে ভারত সরকার। মিডিয়ায় প্রকাশিত রিপোর্ট বলছে,বাংলাদেশের সেনার বিমানেই হাসিনাকে ফিরিয়ে নিয়ে যেতে হবে, যেমনভাবে তিনি (২০২৪ সালে অভ্যুত্থানের জেরে) এসেছিলেন ভারতে।
     এই বিষয়ে ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সোয়ালকে প্রশ্ন করা হলে, তিনি এই নিয়ে কোনও মন্তব্য করতে চাননি। এরপরই  শনিবার ঢাকায় এই ইস্যুতে প্রশ্ন করা হয় বাংলাদেশের আইনমন্ত্রী আসাদুজ্জামানকে। প্রসঙ্গত, হাসিনাকে প্রত্যর্পণের মাধ্যমে বাংলাদেশে ফেরানোর পক্ষেই অনড় রয়েছে তারেক রহমানের ঢাকা। আর সেই সুরই উঠে এল বাংলাদেশের আইনমন্ত্রীর তরফে। এদিন তিনি বলেন, ‘শেখ হাসিনা আইনি সুযোগেই বাংলাদেশে আসবেন। আমাদের পক্ষ থেকে আইনি প্রক্রিয়ায় যা যা করণীয়, আমরা করে রেখেছি।’ শেখ হাসিনাকে কোনও আইনি সুযোগ, বাংলাদেশ দেবে কি না, এমন প্রশ্নের জবাবে বাংলাদেশের আইনমন্ত্রী ওই কথা বলেন। শেখ হাসিনার বাংলাদেশ ফেরা নিয়ে  রিপোর্টে যে বিষয়গুলি রয়েছে, তা উল্লেখ করে এক সাংবাদিক প্রশ্ন তোলেন আসাদুজ্জামানের দিকে। তার উত্তরে বাংলাদেশের আইনমন্ত্রী বলেন, ‘আমাদের পক্ষ থেকে আইনি প্রক্রিয়ায় যা যা করণীয়, আমরা করে রেখেছি৷ ওনারা (ভারত) কী করবেন, সেটা ওনাদের বিষয়।’ শেখ হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠানোর বিষয়ে, দিল্লি-ঢাকা আলোচনা হয়েছে কি না, এমন প্রশ্ন করা হলে, বাংলাদেশের ওই মন্ত্রী বলেন, ‘এটা ওনারা বলতে পারবেন।’
উল্লেখ্য, শেখ হাসিনা যে ডিসেম্বর মাসেই বাংলাদেশে ফিরতে চেয়েছেন, এমন সিদ্ধান্তও তিনি ভারতের সম্মতি ছাড়া করেননি। দাবি বাংলাদেশের আইন মন্ত্রীর।
  এর আগে, বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, ‘সত্যিই বাংলাদেশে ফিরে আসতে চাইলে শেখ হাসিনা ভারত সরকারের কাছে লিখিত আবেদন করুন। ভারত সরকারের কাছে লিখিত ভাবে বলুন যে, এক্সট্রাডিশন (প্রত্যর্পণ) চুক্তির আওতায় তাঁকে যেন বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। এটিই হবে শেখ হাসিনার জন্য সঠিক পন্থা।'( এইচ টি বি)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *