কুমারঘাট ডেস্ক, ১৭ নভেম্বর।।
কুমারঘাট পুর পরিষদের ৪ নম্বর ওয়ার্ডে নির্বাচনী উত্তাপ তুঙ্গে উঠেছে। এই ওয়ার্ডে এবার সম্মুখ সমরে নেমেছেন ইন্ডিয়া জোট সমর্থিত কংগ্রেস প্রার্থী রিন্টু লাল দেব এবং বিজেপির দুবারের নির্বাচিত কাউন্সিলর তথা মনোনীত প্রার্থী নিধুভূষণ দেব।
অভিযোগ , ৪ নম্বর ওয়ার্ডের বিভিন্ন পাড়ায় বাড়ি বাড়ি প্রচার কর্মসূচিতে এলাকার সাধারণ মানুষ তীব্র ক্ষোভ উগরে দেন বিদায়ী পুর বোর্ডের বিরুদ্ধে। রাস্তাঘাটের বেহাল দশা, পানীয় জলের সংকট, অনিয়মিত বিদ্যুৎ পরিষেবা এবং অপরিকল্পিত জল নিকাশী ব্যবস্থার কারণে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন বলে অভিযোগ।
পাশাপাশি, এলাকার নদী ভাঙন রোধে প্রশাসনের উদাসীনতা নিয়েও সরব হন জোট প্রার্থী। কিছুদিন আগে পূর্ত দপ্তরের অবসরপ্রাপ্ত এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার গ্রিরিন্ড কুমার দাসের নিজ বাড়িতে রহস্যজনক মৃত্যুর ঘটনার প্রসঙ্গ টেনে এই মৃত্যুর নিরপেক্ষ ও উচ্চপর্যায়ের তদন্তের দাবি জানান রিন্টু বাবু।
একদিকে বিজেপির দুবারের অভিজ্ঞ কাউন্সিলর নিধুভূষণ দেবের সংগঠনের জোর, অন্যদিকে নাগরিক সমস্যা ও দুর্নীতির অভিযোগকে সামনে রেখে ইন্ডিয়া জোটের রিন্টু লাল দেবের জোরদার প্রচার—সব মিলিয়ে কুমারঘাট ৪ নম্বর ওয়ার্ডের লড়াই এখন জমজমাট।

