ডেস্ক রিপোর্টার, ১৭ নভেম্বর।।
      ১৩৫ বছরের পুরনো সেন্ট্রাল সেক্রেটারিয়েট লাইব্রেরি (সিএসএল) থেকে কোনও বই আপাতত সরাতে পারবে নরেন্দ্র মোদীর সরকার। সোমবার সুপ্রিম কোর্ট এ বিষয়ে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে। আগামী ২০ নভেম্বর মামলার পরবর্তী শুনানি পর্যন্ত। ততদিন পর্যন্ত বহাল থাকবে অন্তর্বর্তী স্থগিতাদেশ।
  সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অন্তর্গত শাস্ত্রী ভবনের (যা ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র) অন্দরে রয়েছে ওই গ্রন্থাগার। সেখানকার বইগুলির ‘ভবিষ্যৎ’ নিয়ে সোমবার উদ্বেগ প্রকাশ করেছে শীর্ষ আদালতের বিচারপতি সঞ্জয়কুমার এবং বিচারপতি সঞ্জীব সচদেবের সমন্বয়ে গঠিত বেঞ্চ। সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণে বলছে, ‘‘সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ কোনও পরিকল্পনা ছাড়াই সিদ্ধান্ত নিচ্ছে বলে মনে হচ্ছে।’’ সেন্ট্রাল ভিস্তা পুনর্নির্মাণ প্রকল্পের আওতায় শাস্ত্রী ভবন ভেঙে ফেলার পরিকল্পনা থাকায় ১৮৯১ সালে প্রতিষ্ঠিত এই ঐতিহাসিক লাইব্রেরি থেকে ইতিমধ্যেই অনেক বই সরিয়ে ফেলা হয়েছে।
   সোমবার স্বতঃপ্রণোদিত মামলার শুনানিপর্বে দুই বিচারপতির বেঞ্চ পর্যবেক্ষণে জানিয়েছে, ঐতিহাসিক এই গ্রন্থাগারের প্রায় সাড়ে ৮ লক্ষ বই রক্ষণাবেক্ষণে কেন্দ্রীয় সরকার উদাসীন! কেন্দ্রের উপর ক্ষোভ প্রকাশ করে শীর্ষ আদালতের মন্তব্য— ‘‘বইগুলোর প্রতি কিছুটা সম্মান দেখান। আপনারা যদি বইগুলি না চান, তবে এমন কোনও দেশকে দিয়ে দিন যারা এগুলির যত্ন নেবে।’’ আদালতের নিযুক্ত অ্যামিকাস কিউরি (আদালত বান্ধব) সিনিয়র আইনজীবী হরিপ্রিয়া পদ্মনাভন জানান যে, দিল্লির আরকে পুরমে সিএসএল লাইব্রেরির প্রায় ২ লক্ষ বই বেশ কিছু দিন ধরে কার্ডবোর্ডের বাক্সে অযত্নে পড়ে রয়েছে! বিচারপতি সঞ্জয়কুমার তখন উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘‘ওই দু’লক্ষ বই তো কার্যত নষ্ট হওয়ার পথে!’’









Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *