ডেস্ক রিপোর্টার, ১৮ নভেম্বর।।
দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলায় সিআরপিএফ ক্যাম্পে হামলার ঘটনায় জড়িত জঙ্গিকে নিকেশ করলো ভারতীয় সেনা। তার নাম মোহাম্মদ লতিফ ভাট। বুধবার ভোরে স্থানীয় জাঙ্গালপোরায় একটি মসজিদ ঘেরাও করে লস্কর-ই-তৈবার প্রথম সারির সন্ত্রাসবাদী লতিফ ভাটকে হত্যা করে মধুর প্রতিশোধ নেয় ভারতীয় সেনা। তার মরদেহের কাছ থেকে উদ্ধার করা হয় একটি অত্যাধুনিক রাইফেল।
গত ১১ নভেম্বর দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলায় সিআরপিএফ ক্যাম্পে হামলা করেছিল লস্কর জঙ্গিরা। এই ঘটনায় তিন জন সিআরপিএফ জওয়ান আহত হয়েছিলেন। এরপর থেকেই ভারতীয় সেনা – সিআরপিএফ ও কাশ্মীর পুলিশ জ্বলে ওঠে পাল্টা প্রতিশোধের স্পৃহায়।
সোমবার কুলগাম জেলার লারু বাইপাস এলাকায় সেনা – জঙ্গির বন্দুক যুদ্ধে নিহত হয় সিআরপিএফ ক্যাম্পে হামলার ঘটনায় জড়িত লতিফ ভাটের এক সহযোগী। কিন্তু লতিফ নিরাপত্তা বাহিনীর থেকে ফাঁকি দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছিল।
বুধবার ভোরে গোয়েন্দার প্রাপ্ত খবরের ভিত্তিতে সেনা – সিআরপি ও কাশ্মীর পুলিশ জাঙ্গালপোরাতে একটি মসজিদ ঘেরাও করে। নিরাপত্তা বাহিনীর কাছে খবর ছিলো, মোহাম্মদ লতিফ ভাট এই মসজিদে আশ্রয় নিয়েছে।
কুলগামের এএসপি আনায়েত আলী চৌধুরী সাংবাদিকদের জানিয়েছেন, ” ভাট একটি মসজিদে লুকিয়ে ছিলেন। তাই মসজিদের আশপাশ অঞ্চল কর্ডন করে নিয়েছিল নিরাপত্তা বাহিনী। ধর্মীয় স্থানটির পবিত্রতার কারণে নিরাপত্তা বাহিনী “সর্বোচ্চ সংযম” প্রদর্শন করে ।এবং তাকে অস্ত্র ত্যাগ করে আত্মসমর্পণ করার নির্দেশ দেওয়া হয়। কিন্তু জঙ্গি লতিফ ভাট তাতে সায় দেয় নি। বরং পাল্টা হামলা করে। ”
এরপর পাল্টা প্রতিরোধ গড়ে তুলে ভারতীয় সেনা। এক সময় মসজিদের ভিতর থেকে গুলি আসা বন্ধ হয়ে যায়। এরপরেই যৌথ বাহিনী মসজিদে তল্লাশি চালায়। তখনই মসজিদের মধ্যে জঙ্গি লতিফ ভাটের মৃতদেহ দেখতে পায় সেনা – পুলিশ। তার মরদেহের পাশে ছিলো একটি স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র।

