ডেস্ক রিপোর্টার, ১৮ নভেম্বর।।
গণতন্ত্র রক্ষা, স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া এবং প্রশাসনিক দুর্নীতির অভিযোগ তুলে ফটিকরায় বিধানসভার কাঞ্চনবাড়ি বাজার এলাকায় বিক্ষোভ মিছিল ও বাজার সভা করল ফটিকরায় ব্লক কংগ্রেস। মঙ্গলবার সন্ধ্যায় কাঞ্চনবাড়ি বাজারের সামনে থেকে এই মিছিল শুরু হয়ে এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় দুর্গামণ্ডপের সামনে এসে শেষ হয়।এই মিছিলে নেতৃত্ব দেন ফটিকরায় ব্লক কংগ্রেস সভাপতি সুভাষ দত্ত এবং প্রাক্তন পিসিসি সদস্য শ্যামলকান্তি ভট্টাচার্য। এছাড়াও কর্মসূচিতে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা জ্যোতির্ময় দেব, সুব্রত দত্ত, নীলকান্ত বিশ্বাস, যুগল মালাকার, সুশীত পাল, আলিমুল ইসলাম ও পান্না দেব-সহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।
মিছিল শেষে আয়োজিত বাজার সভায় বক্তারা বর্তমান প্রশাসন ও নির্বাচন প্রক্রিয়ার বিরুদ্ধে একাধিক অভিযোগ উত্থাপন করেন। সভায় বক্তারা অভিযোগ করেন, প্রশাসনের বিভিন্ন স্তরে স্বজনপোষণ ও দুর্নীতির ফলে প্রকৃত উপভোক্তারা সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এলাকার স্বাস্থ্য পরিষেবা, বিদ্যুৎ সরবরাহ, পানীয় জল ও বেহাল রাস্তাঘাট নিয়েও ক্ষোভ প্রকাশ করা হয়। কর্মসংস্থানের অভাব, নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম এবং শাসকদলের নেতাদের বিরুদ্ধে ‘কমিশন বাণিজ্য’ ও অস্বাভাবিক সম্পত্তি বৃদ্ধির অভিযোগ তুলে কংগ্রেস নেতৃত্ব দাবি করেন, পরিস্থিতির পরিবর্তন না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
কংগ্রেস নেতৃত্বরা আরও অভিযোগ করেন, ভোটার তালিকা সংশোধনের নামে সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা চলছে। এই প্রসঙ্গে তাঁরা অবিলম্বে এসআইআর প্রক্রিয়া বাতিল এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি জানান।

