Oplus_16908288

দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা ও তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রম জোরদারের লক্ষ্যে প্রধানমন্ত্রী সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় অবস্থান করে জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর নির্দেশনা দিয়েছেন।

                      ।। সমীরণ রায় ।।
                 __________________

ঢাকা ডেস্ক,১৮ নভেম্বর।
       রাজনৈতিক উত্তেজনা, অগ্নিসংযোগ, ভাঙচুর, সড়ক অবরোধ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে ক্রমেই অস্থির হয়ে উঠছে বাংলাদেশের পরিস্থিতি। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা, আওয়ামী লীগের কর্মসূচি এবং দলটির কার্যক্রম নিষিদ্ধ থাকাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। এরই মধ্যে রাজধানী ঢাকা, গাজীপুর, গোপালগঞ্জসহ বিভিন্ন এলাকায় সহিংসতার ঘটনা ঘটেছে। কোথাও বাসে আগুন, কোথাও রাজনৈতিক নেতাদের বাড়ি ও দলীয় কার্যালয়ে হামলা, আবার কোথাও পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষে জনজীবন বিপর্যস্ত হচ্ছে। এরই মধ্যে বৃহস্পতিবার সারাদেশে লকডাউন ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। এরই ফলে সারাদেশে উত্তেজনা বিরাজ করছে। সঙ্গত কারণে সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক।
অবশ্য, বিএনপি সরকারের পক্ষ থেকে সংঘাত ও সংঘর্ষ ঠেকাতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। বুধবার জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের বৈঠকে সংসদ নেতা এ নির্দেশনা দেন। সংসদীয় দলের বৈঠকে সব সংসদ সদস্যকে নিজ নিজ নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জাতীয় সংসদের চলতি অধিবেশনের সমাপনী দিনে আয়োজিত এ বৈঠকটি দুপুর আড়াইটায় শুরু হয়ে বিকেল ৩টা ৫৫ মিনিটে শেষ হয়। এ বৈঠকে বিএনপির সংসদীয় দলের সদস্যরা উপস্থিত ছিলেন।
বৈঠকের একটি সূত্র নিশ্চিত করেছে, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা ও তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রম জোরদারের লক্ষ্যে প্রধানমন্ত্রী সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় অবস্থান করে জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর নির্দেশনা দিয়েছেন।
গত ১৭ নভেম্বর রাতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের থানা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যানবাহন এবং গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে। আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কয়েকজন নেতা-কর্মীকে গ্রেপ্তারের পর তাঁদের ছাড়িয়ে নিতে টুঙ্গিপাড়া থানায় হামলা চালানো হয়। একপর্যায়ে থানার বিভিন্ন স্থাপনা ও যানবাহনে আগুন দেওয়া হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় আসা যানবাহনেও হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় কয়েকটি বাড়িতেও আগুন দেওয়া হয়। একই রাতে গাজীপুরে আওয়ামী লীগ সরকারের সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। দেশের বিভিন্ন স্থানে যানবাহনে আগুন, রাজনৈতিক কার্যালয়ে হামলা এবং ককটেল বিস্ফোরণের ঘটনাও নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। ফলে সামগ্রিক পরিস্থিতি রাজনৈতিক সংঘাতের ঝুঁকি বাড়াচ্ছে।
রাজনৈতিক উত্তেজনার পাশাপাশি পোশাকশিল্পের শ্রমিক অসন্তোষ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বুধবার রাজধানীর মিরপুর, গাজীপুর ও সাভারের বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ এবং পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। শ্রমিকদের দাবি, মাসিক ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, বকেয়া বেতন পরিশোধ, ছাঁটাই বন্ধ ও কর্মক্ষেত্রে হয়রানি বন্ধ করা। শ্রমিক অসন্তোষে ঢাকাসহ বিভিন্ন শিল্পাঞ্চলে যান চলাচল ব্যাহত হয় এবং প্রায় ৪৫০টি কারখানায় উৎপাদন বন্ধ থাকার খবর পাওয়া যায়। মিরপুরে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। গাজীপুরেও শ্রমিকেরা সড়ক অবরোধ করেন এবং একটি বাস ভাঙচুরের ঘটনা ঘটে। রাজনৈতিক অস্থিরতার মধ্যে শ্রমিক অসন্তোষের বিস্তার জননিরাপত্তা ও অর্থনৈতিক কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে।
পাল্টাপাল্টি হামলা, বাড়িঘর ও কার্যালয়ে আগুন: গোপালগঞ্জে বিএনপির সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে হামলার প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ মিছিল থেকে সাবেক সংসদ সদস্য এ কে এম বাহাউদ্দিন বাহারের বাড়ি ও আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে। বুধবার রাজধানীর কাফরুলে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি কাজী মেজবাউল হক সাচ্চুর বাড়িতেও ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। পুলিশ জানিয়েছে, একদল অজ্ঞাতপরিচয় ব্যক্তি মিছিল নিয়ে বাড়িটিতে হামলা চালায়। এসব ঘটনায় রাজনৈতিক প্রতিহিংসা ও পাল্টাপাল্টি হামলার আশঙ্কা আরও জোরালো হয়েছে। এক পক্ষের ওপর হামলার প্রতিবাদে অন্য পক্ষের বাড়ি বা কার্যালয়ে হামলা চলতে থাকলে সংঘাতের পরিধি বাড়তে পারে। একই সঙ্গে সাধারণ মানুষের নিরাপত্তা, সম্পদ রক্ষা এবং স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে বলে আশঙ্কা দেখা দিয়েছে।
শেখ হাসিনার ফেরার ঘোষণা ও ১৯ নভেম্বরের কর্মসূচি: শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। অন্যদিকে, আওয়ামী লীগ আগামী ১৯ নভেম্বর দেশব্যাপী লকডাউন কর্মসূচির ডাক দিয়েছে। দলটির কার্যক্রম নিষিদ্ধ থাকায় এই কর্মসূচি ঘিরে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ রয়েছে। সহিংসতা ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে দেশের বিভিন্ন স্থানে আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। গত ১০ দিনে অন্তত ২৮টি জেলায় বোমা বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের খবর জানিয়েছে পুলিশ।
শেখ হাসিনার দেশে ফেরার প্রশ্নটি এখন কেবল একজন সাবেক প্রধানমন্ত্রীর রাজনৈতিক ভবিষ্যতের বিষয় নয়। এর সঙ্গে জড়িয়ে পড়েছে আইনশৃঙ্খলা, রাজনৈতিক দলগুলোর পারস্পরিক সম্পর্ক এবং দেশের স্থিতিশীলতা। তার প্রত্যাবর্তন কোন প্রক্রিয়ায় হবে, সে বিষয়ে রাজনৈতিক ও আইনি বাস্তবতা গুরুত্বপূর্ণ। একই সঙ্গে তার সমর্থকদের কর্মসূচি এবং বিরোধী পক্ষের প্রতিক্রিয়া পরিস্থিতিকে কোন দিকে নিয়ে যাবে, তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে।
সামনে কী অপেক্ষা করছে: রাজনৈতিক বিশ্লেষকদের মূল্যায়নের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, বর্তমান উত্তেজনা কি সীমিত সংঘর্ষের মধ্যে থাকবে, নাকি আরও বিস্তৃত সহিংসতায় রূপ নেবে? এ প্রশ্নের উত্তর নির্ভর করবে রাজনৈতিক নেতৃত্বের দায়িত্বশীল আচরণ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরপেক্ষ ভূমিকা এবং সংঘটিত অপরাধের সুষ্ঠু তদন্তের ওপর। রাজনৈতিক কর্মসূচি পালন করা গণতান্ত্রিক অধিকারের অংশ হলেও অগ্নিসংযোগ, ভাঙচুর, প্রাণহানি কিংবা সাধারণ মানুষের চলাচলে বাধা দেওয়ার কোনো সুযোগ নেই। একইভাবে আইনশৃঙ্খলা রক্ষার নামে অতিরিক্ত বলপ্রয়োগও পরিস্থিতিকে আরও জটিল করতে পারে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *