ডেস্ক রিপোর্টার,১৮ নভেম্বর।।
     আগামী বছরের প্রথমদিকে ভারতের বৃহত্তম রাজ্য উত্তরপ্রদেশের বিধানসভা ভোট।আর এই ভোটকে পাখির চোখ করে সবকয়টি রাজনৈতিক দল ঘুঁটি সাজাতে ময়দানে অবর্তীন হয়েছে।মঙ্গলবার বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী যোগী। সেখানে দলের সাংগঠনিক সাধারণ সম্পাদক বিএল সন্তোষও ছিলেন। তারপর তিনজন একসঙ্গে অমিত শাহর বাড়িতে যান। সেখানেও দীর্ঘক্ষণ বৈঠক হয়। চমকপ্রদ বিষয় হল, মথুরার চিন্তন শিবিরের পর যোগীর দিল্লিতে আসার কোনও পরিকল্পনা ছিল না। তাঁর যাওয়ার কথা ছিল আগ্রা। কিন্তু একপ্রকার আচমকা তিনি দিল্লি চলে আসেন। স্বাভাবিকভাবেই যোগীর দিল্লি যাত্রা নিয়ে জল্পনা-কল্পনা দুইই বাড়ছে।স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে এই বৈঠকে কি কি বিষয় আলোচনা হয়েছে।যতদূর জানা গেছে,উত্তরপ্রদেশে বিজেপির ক্ষমতা ধরে রাখার লড়াইয়ে যোগী সরকারের ভূমিকা, সংগঠনের সঙ্গে সরকারের সমন্বয় এবং ভোটের মুখে নেতৃত্বের কৌশল- সব প্রশ্নেই কেন্দ্রীয় নেতৃত্বের অবস্থান স্পষ্ট করতে যোগীকে ওই বৈঠকে ডাকা হয়েছিল। ২০২৭-এর মহারণে নামার আগে তাই উত্তরপ্রদেশের ভোটের ছক দিল্লিতেই কষে নিতে চলেছে বিজেপি। আসলে বেশ কিছুদিন ধরেন গোষ্ঠীদ্বন্দ্ব ভোগাচ্ছে উত্তরপ্রদেশের বিজেপি নেতৃত্বকে। দুই উপমুখ্যমন্ত্রীর কারও সঙ্গেই মুখ্যমন্ত্রী যোগীর তেমন সখ্য নেই বলে শোনা যায়। আবার যোগীর সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্বের সম্পর্ক নিয়েও বিস্তর লেখালেখি হয়েছে। কিন্তু জনমানসে তাঁর জনপ্রিয়তা প্রশ্নাতীত। এই আবহে অমিত শাহর বৈঠকে আগামী নির্বাচনে যোগীর ভূমিকা কী হবে, সেটাই যে মুখ্য আলোচ্য বিষয় ছিল, তা স্পষ্ট।
প্রসঙ্গত,মথুরায় পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় গো-গবেষণা প্রতিষ্ঠানে আয়োজিত দু’দিনের চিন্তন শিবিরে যোগী ছাড়াও হাজির ছিলেন বিজেপির সর্বভারতীয় সাংগঠনিক সাধারণ সম্পাদক বি এল সন্তোষ, রাজ্য সভাপতি পঙ্কজ চৌধুরী, রাজ্যের দায়িত্বপ্রাপ্ত নেতা বিনোদ তাওড়ে এবং দুই উপমুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্য ও ব্রজেশ পাঠক-সহ শীর্ষ নেতৃত্ব।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *