ডেস্ক রিপোর্টার, ১৮ নভেম্বর।।
কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য আসন্ন অষ্টম বেতন কমিশন নিয়ে বড় ধরনের জল্পনা ও প্রত্যাশা তৈরি হয়েছে। সাম্প্রতিক খবরাখবর অনুযায়ী, কর্মীদের বেতন কাঠামো এবং পেনশন নীতিতে বড় ধরনের পরিবর্তনের প্রস্তাব পেশ করা হয়েছে, যা কার্যকর হলে সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা আর্থিকভাবে অত্যন্ত লাভবান হবেন।
বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ন্যূনতম মূল বেতন ১৮,০০০টাকা। ন্যাশনাল কাউন্সিল জয়েন্ট কনসালটেটিভ মেশিনারির প্রস্তাব অনুযায়ী, এই ন্যূনতম বেতন বাড়িয়ে সরাসরি ৬৯,০০০ টাকা করার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে ফিটমেন্ট ফ্যাক্টর ৩.৮৩৩ করার সুপারিশ করা হয়েছে বেতন কমিশনের কাছে। এই প্রস্তাবগুলি গৃহীত হলে কর্মীদের মূল বেতনে এক লাফে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা যাবে। পাশাপাশি অবসরপ্রাপ্ত কর্মীদের রেগুলার পেনশন এবং ফ্যামিলি পেনশন বাড়ানোর জোরালো প্রস্তাব জমা পড়েছে। এতদিন কর্মীরা অবসরকালীন নিয়মিত পেনশন হিসেবে শেষ প্রাপ্ত মূল বেতনের ৫০ শতাংশ পেতেন। কাউন্সিল এই হার ১৭ শতাংশ বাড়িয়ে মোট ৬৭ শতাংশ করার প্রস্তাব দিয়েছে। ফলে প্রস্তাব মঞ্জুর হলে অবসরপ্রাপ্ত কর্মীরা শেষ বেতনের ৬৭শতাংশ পর্যন্ত পেনশন পেতে পারেন। বর্তমান নিয়মে পারিবারিক পেনশনের হার ৩০ শতাংশ হলেও, তা বাড়িয়ে ৫০ শতাংশ করার দাবি জানানো হয়েছে। এর অর্থ হল, কোনো সরকারি কর্মীর আকস্মিক প্রয়াণ ঘটলে তাঁর পরিবার শেষ প্রাপ্ত মূল বেতনের অর্ধেক অর্থাৎ ৫০ শতাংশ টাকা পারিবারিক পেনশন হিসেবে পাবেন।সব মিলিয়ে, অষ্টম বেতন কমিশনের সুপারিশ কার্যকর হলে দেশের কোটি কোটি কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশন ভোগীদের জীবনযাত্রার মান এবং আর্থিক নিরাপত্তা বহুগুণ সুদৃঢ় হবে বলে মনে করা হচ্ছে।

