Oplus_16908288

ডেস্ক রিপোর্টার, ১৯ নভেম্বর।।

দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থাকে ঘিরে চাঞ্চল্য! বিমানবন্দরের অত্যন্ত গুরুত্বপূর্ণ টার্মিনাল-৩-এ জোর করে প্রবেশের চেষ্টা এক ব্যক্তির। তবে নিরাপত্তারক্ষীদের তৎপরতায় বড়সড় নিরাপত্তা বিপত্তি এড়ানো সম্ভব হয়েছে। মুহূর্তের মধ্যেই ওই ব্যক্তিকে আটক করে কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী( সিআইএসএফ)।

   ঘটনাটি বুধবার দুপুর প্রায় তিনটে নাগাদ। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৩-এর ডিপারচার গেটে আচমকাই এক ব্যক্তি বৈধ ভ্রমণ সংক্রান্ত নথি ছাড়াই জোর করে প্রবেশের চেষ্টা করেন।

   প্রকাশ্যে আসা সিসিটিভি ফুটেজে দেখা যায়, প্রবেশপথে কর্তব্যরত সিআইএসএফ কর্মীরা তাঁকে বাধা দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু নিরাপত্তারক্ষীদের বাধা অতিক্রম করে কয়েক মিটার ভিতরে ঢুকে পড়েন ওই ব্যক্তি। এরপরই অতিরিক্ত নিরাপত্তাকর্মী এবং কুইক রেসপন্স টিম বা QRT দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁকে আটক করে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, আটক ব্যক্তির নাম কুণাল। তিনি হরিয়ানার সোনিপতের বাসিন্দা এবং পশ্চিমবঙ্গে প্রশিক্ষণরত একজন অ্যাথলেট।

  পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, বিদেশ যাওয়ার আগ্রহ থাকলেও তাঁর কাছে বৈধ ভিসা কিংবা প্রয়োজনীয় ভ্রমণ নথি ছিল না।

    তাঁর সঙ্গে থাকা ব্যাগ থেকে পরিচয়পত্র, শিক্ষাগত ও ক্রীড়া সংক্রান্ত শংসাপত্র উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। পরবর্তী জিজ্ঞাসাবাদ ও আইনি পদক্ষেপের জন্য তাঁকে দিল্লি পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর বিমানবন্দর দিল্লির ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। সেখানে নিরাপত্তার ক্ষেত্রে কোনওরকম আপসের সুযোগ নেই। এই ঘটনার পর ফের একবার বিমানবন্দরের প্রবেশপথে নিরাপত্তা ব্যবস্থার গুরুত্ব সামনে এল। সিআইএসএফের এর দ্রুত পদক্ষেপে সম্ভাব্য নিরাপত্তা বিপত্তি এড়ানো গেলেও, ঠিক কী কারণে ওই ব্যক্তি এমন পদক্ষেপ করলেন, তা খতিয়ে দেখছে পুলিশ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *