ডেস্ক রিপোর্টার, ২৮ নভেম্বর।।

ভারতীয় বিচারব্যবস্থার ইতিহাসে এক বিরল ক্যালেন্ডার হতে চলেছে ২০২৭ সাল। বয়সসীমা ও অবসরের নিয়ম মেনে ওই একটি বছরেই সুপ্রিম কোর্টের শীর্ষ পদে বসতে চলেছেন চারজন বিচারপতি। এর আগে স্বাধীন ভারতের ইতিহাসে মাত্র একবারই এমন ঘটনা ঘটেছিল—২০০২ সালে। অর্থাৎ ঠিক ২৫ বছর পর ফের সেই ইতিহাসের পুনরাবৃত্তি হতে চলেছে।

২০২৭ সালের চার প্রধান বিচারপতি।বিচারপতি সূর্য কান্ত, বর্তমান প্রধান বিচারপতি,বিচারপতি বিক্রম নাথ ,বিচারপতি বি ভি নাগারত্ন,বিচারপতি পি এস নরসিংহ।

২০২৭ সালের ৯ই ফেব্রুয়ারি বর্তমান প্রধান বিচারপতি সূর্য কান্ত অবসর নেওয়ার পরই শুরু হবে এই পালাবদল। জ্যেষ্ঠতার ভিত্তিতে তাঁর পর দায়িত্ব নেবেন বিচারপতি বিক্রম নাথ। প্রায় সাত মাস দায়িত্ব সামলানোর পর তাঁর অবসরে ২০২৭-এর সেপ্টেম্বরে প্রধান বিচারপতির আসনে বসবেন বিচারপতি বি ভি নাগারত্ন। আর তাঁর হাত ধরেই ৭৫ বছরের বেশি সময়ের ইতিহাসে প্রথমবার একজন মহিলা প্রধান বিচারপতি পাবে ভারত।তবে ঐতিহাসিক এই দায়িত্বের মেয়াদ হবে খুবই সংক্ষিপ্ত—মাত্র ৩৬ দিন। ২০২৭ সালের অক্টোবরে ৬৫ বছর বয়স পূর্ণ হওয়ায় অবসর নেবেন বিচারপতি নাগারত্ন।

প্রসঙ্গত, তাঁর বাবা ই এস ভেঙ্কটরামাইয়াও ১৯৮৯ সালে দেশের প্রধান বিচারপতি ছিলেন। বিচারপতি নাগারত্নের অবসরের পর ওই বছরেরই অক্টোবরে দেশের ৫৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেবেন বিচারপতি পি এস নরসিংহ। সব মিলিয়ে, একদিকে যেমন প্রশাসনিক রদবদলের বিরল নজির, অন্যদিকে তেমনই লিঙ্গসাম্যের এক নতুন অধ্যায়—২০২৭ সালের দিকেই এখন তাকিয়ে দেশের আইন ও বিচারমহল।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *