মেটার প্রস্তাব অনুযায়ী, নাবালকরা দিনে সর্বোচ্চ ২ ঘণ্টা সোশাল মিডিয়া ব্যবহার করতে পারবে।রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত সোশাল মিডিয়া ব্যবহার বন্ধ থাকবে।স্কুল চলাকালীন অর্থাৎ সকাল ৮টা থেকে দুপুর ৩টে পর্যন্ত নোটিফিকেশন বন্ধ রাখা হবে।প্রতি ১৫ মিনিট স্ক্রিন টাইমের পর সতর্কবার্তা বা রিমাইন্ডার দেওয়া হবে।
ডেস্ক রিপোর্টার,২৬ নভেম্বর।।
বিশ্বের একাধিক দেশ ১৬ বছর বয়স পর্যন্ত সোশাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করার পর ভারতেও একই ধরনের নিয়ন্ত্রণের দাবি জোরালো হয়েছে। শিশু-কিশোরদের মানসিক স্বাস্থ্যের কথা মাথায় রেখে লাগামছাড়া ইন্টারনেট ব্যবহার নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ প্রকাশ করছেন বিশেষজ্ঞরা। সম্প্রতি এআই সামিটে সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ইঙ্গিত দিয়েছেন, বয়সভিত্তিক নিষেধাজ্ঞার প্রস্তাব গুরুত্ব দিয়ে বিবেচনা করছে সরকার।সেই সামিটে মন্ত্রী জানান, বহু দেশই বয়সভিত্তিক নিষেধাজ্ঞার প্রয়োজনীয়তা অনুভব করছে। তবে সরকারি সূত্রের মতে, কারও জন্যই সোশাল মিডিয়া পুরোপুরি বন্ধ করে দেওয়া সমীচীন নয়, কারণ তাতে হিতে বিপরীত হতে পারে। পরিচিত প্ল্যাটফর্ম যেমন ফেসবুক বা এক্স ব্যবহারের সুযোগ না পেলে কিশোর-কিশোরীরা আরও ঝুঁকিপূর্ণ ও অনিয়ন্ত্রিত অ্যাপ কিংবা অনলাইন গেমের নেশায় জড়িয়ে পড়তে পারে—যা আরও বড় বিপদের কারণ হতে পারে।

তাই সম্পূর্ণ নিষেধাজ্ঞার বদলে ‘মধ্যপন্থা’ হিসেবে ছোটদের সোশাল মিডিয়া ব্যবহারে নির্দিষ্ট বিধিনিষেধ আরোপের কথা ভাবছে কেন্দ্র। এক্ষেত্রে সম্প্রতি আমেরিকায় নাবালকদের জন্য মেটার দেওয়া প্রস্তাবকে মডেল হিসেবে সামনে রাখা হচ্ছে। মোদি সরকার চাইছে ভারতেও এই ধরনের নিয়ম চালু হোক।
মেটার প্রস্তাব অনুযায়ী, নাবালকরা দিনে সর্বোচ্চ ২ ঘণ্টা সোশাল মিডিয়া ব্যবহার করতে পারবে।রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত সোশাল মিডিয়া ব্যবহার বন্ধ থাকবে।স্কুল চলাকালীন অর্থাৎ সকাল ৮টা থেকে দুপুর ৩টে পর্যন্ত নোটিফিকেশন বন্ধ রাখা হবে।প্রতি ১৫ মিনিট স্ক্রিন টাইমের পর সতর্কবার্তা বা রিমাইন্ডার দেওয়া হবে।

কেন্দ্রীয় সরকারি সূত্র বলছে, মেটার এই প্রস্তাবটিকেই কিছুটা বদলে বা পরিমার্জন করে ভারতে কার্যকর করা হতে পারে। কেবল মেটার অ্যাপ নয়, অন্যান্য সোশাল মিডিয়া প্ল্যাটফর্মকেও এই নিয়মের আওতায় আনা হবে। ইতিমধ্যেই হোয়াটসঅ্যাপ বয়সভিত্তিক কিছু বিধিনিষেধ চালুর প্রক্রিয়া শুরু করেছে বলে খবর। সব কিছু ঠিকঠাক এগোলে খুব শীঘ্রই দেশে নাবালকদের সোশাল মিডিয়া ব্যবহারে কড়া নিয়ন্ত্রণ দেখা যেতে পারে।

