কৈলাসহর ডেস্ক, ২৭ নভেম্বর।।
কৈলাসহরে পুর ভোটে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন সাধারণ ভোটার থেকে শুরু করে রাজনৈতিক নেতৃত্ব। এরই মধ্যে কৈলাসহরে ভোটাধিকার প্রয়োগ করতে এসে পরিবর্তনের প্রত্যাশার কথা শোনালেন কংগ্রেস বিধায়ক বীরজিত সিনহা। তাঁর বক্তব্য, কৈলাসহরের মানুষ পরিবর্তন চান। বিধায়কের এই মন্তব্যকে কেন্দ্র করে পুর নির্বাচনের রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন করে শুরু হয়েছে আলোচনা।
পুর নির্বাচনকে সামনে রেখে শহরের উন্নয়ন, নাগরিক পরিষেবা এবং স্থানীয় সমস্যাগুলি নিয়ে রাজনৈতিক দলগুলির হয় মূল লড়াই।শেষ পর্যন্ত কৈলাসহরের ভোটাররা কোন রাজনৈতিক বার্তায় সাড়া দিচ্ছেন, তার উত্তর মিলবে ভোটের ফলাফলেই।
পরিবর্তনের দাবি, উন্নয়নের প্রতিশ্রুতি আর রাজনৈতিক দলগুলির নির্বাচনী লড়াই—সব মিলিয়ে কৈলাসহরের পুর নির্বাচন এখন রাজনৈতিক মহলের নজরে।
কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহার সুরে সুর মিলিয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সিপিআইএম নেতা তপন চক্রবর্তী। তিনি বলেন, কৈলাসহরে বিজেপির ঘরে আগুন লেগেছে। এখানে তাদের পরাজয় নিশ্চিত। মানুষ বিজেপিকে মেনে নেবে না। রাজ্যের অন্যান্য জায়গাতে বিজেপি জয়ী হলেও কৈলাসহরে তারা বিশ্রী ভাবে পরাজিত হবে। তবে গণতন্ত্রের ময়দানে শেষ কথা বলবেন ভোটাররাই।





