স্পোর্টস ডেস্ক,২৮ নভেম্বর।।
জমকালো আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হলো ৭৫তম ভোলানাথ মল্লিক মেমোরিয়াল সর্বভারতীয় পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ। আজ শনিবার বিকেলে আগরতলার উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত মহিলা বিভাগের রোমাঞ্চকর ফাইনাল ম্যাচে আসাম রাইফেলস ১-০ গোলের ব্যবধানে এসএসবি-কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অন্যদিকে, শুক্রবারে পুরুষ বিভাগে পশ্চিমবঙ্গকে ৩-১ গোলের ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে নেয় কেরালা।
প্রতিযোগিতা শেষে আজ, শনিবার বিকেলে উমাকান্ত মিনি স্টেডিয়ামে আয়োজিত এক বর্ণাঢ্য সমাপ্তি অনুষ্ঠানে বিজয়ী ও রানার্স-আপ দলগুলির হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু। সমাপ্তি অনুষ্ঠানকে কেন্দ্র করে স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের জন্য মহিলা ব্যান্ড পার্টির আকর্ষণীয় পরিবেশনা, ডগ স্কোয়াডের বিশেষ নৈপুণ্য এবং জওয়ানদের বিভিন্ন কসরত ও শারীরিক কলাকৌশলের মনোমুগ্ধকর প্রদর্শনী অনুষ্ঠিত হয়।




