স্পোর্টস ডেস্ক,২৫ নভেম্বর।।
ত্রিপুরার ক্রিকেটে নতুন সূর্যোদয়। রাজ্যের প্রথম ক্রিকেটার হিসেবে পরপর তিন ইনিংসে শতরান করার গৌরব অর্জন করল শ্রীমন দেবনাথ। হিমাচল প্রদেশের বিরুদ্ধে প্রথম দিনের শেষে চোখ ঝলসানো ১৪৯ রানের ইনিংস খেলে অপরাজিত রয়ে গেছে উদয়পুর ইংলিশ মিডিয়াম স্কুলের নবম শ্রেণী ছাত্রটি। লক্ষ্য দ্বিশত রান করা, সেই লক্ষ্যে বৃহস্পতিবার দ্বিতীয় দিনে মাঠে নামবে দিনের নায়ক শ্রীমন খেলা শেষে তা জানিয়ে দেয়। অনূর্ধ্ব ১৬ বিজয় মার্চেন্ট ট্রফি ক্রিকেটে। হিমাচল প্রদেশের বিরুদ্ধে প্রথম দিনের শেষে ত্রিপুরা ৬ উইকেট হারিয়ে ২২১ রান করে। এর মধ্যে ১৪৯ রানে অপরাজিত থেকে যায় অলক দেবরায়ের ‘ তুরুপের তাস ‘ শ্রীমন। স্কোর বোর্ড সচল রাখার থেকে উইকেটে টিকে থাকার উপরেই বেশি নজর দেয় এদিন ত্রিপুরার ব্যাটসম্যানরা। ফলে স্কোরবোর্ডে বড় স্কোর দাঁড় করাতে পারেনি প্রথম দিনের শেষে। দ্বিতীয় দিনে শ্রীমনের স্বপ্ন যদি পূরণ হয় তাহলে ত্রিপুরা নিঃসন্দেহে বড় স্কোর গড়বেই। বিজয়ওয়াড়া ছুক্কাপল্লী ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দিনে হিমাচলের বোলারদের কার্যত শাসন করল ত্রিপুরার শ্রীমন। শ্রীকান্ত এবং মৌমিতা দেবের একমাত্র ছেলে শ্রীমন বুঝিয়ে দিল কঠোর অনুশীলন এবং অদম্য জেদ থাকলে সাফল্য পাওয়া তেমন কঠিন নয়। এদিন সকালে প্রথম ব্যাক করার সুযোগ পেয়ে শুরু থেকেই ঠান্ডা মাথায় ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে শ্রীমন। বড় স্কোর গড়তে না পারলেও দলের সতীর্থ ক্রিকেটাররা অঙ্গ দিতে থাকে দিনের নায়ক কে। ওপেনার শ্রেষ্ঠাংশু দেব ২৪ বল খেলে একটি বাউন্ডারির সাহায্যে ১২, দলনায়ক শুভজিৎ কুড়ি তেত্রিশ বল খেলে তিনটি বাউন্ডারি সাহায্যে ১৪, ঋদ্ধিমান দাস ৫৩ বল খেলে একটি বাউন্ডারির সাহায্যে ৪ এবং শাহীন হোসেন পোদ্দার ১১৪ বল খেলে একটি বাউন্ডার এর সাহায্যে ১৪ রান করে। শেষ পর্যন্ত দিনের শেষে শ্রীমনের সঙ্গে রুখে দাঁড়ায় মিনহাজ আহমেদ। শ্রীমন ৩১৪ বল খেলে কুড়িটি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারির সাহায্যে ১৪৯ রানে এবং মিনহাজ তেত্রিশ বল খেলে তিনটি বাউন্ডারির সাহায্যে ১৩ রানে অপরাজিত থেকে যায়। হিমাচল প্রদেশের পক্ষে যশ এন চৌধুরী ৩৮ রানে তিনটি এবং আদিশ মিনহাজ ৩৬ রানে দুটি উইকেট দখল করে। শ্রীমনের প্রশংসা করেন ত্রিপুরার কোচ অলক দেব রায় এবং সহকারি কোচ অনুপম দে। বিজয়ওয়াড়া থেকে টেলিফোনে ত্রিপুরার কোচ বলেন, দীর্ঘ কয়েক বছর পর ত্রিপুরা একজন বড় মাপের ক্রিকেটারকে পেয়েছে। শ্রীমনের লক্ষ্য থাকবে ইনিংসকে আরও লম্বা করা। তা করতে পারলেই ওর আত্মবিশ্বাস আরও বেড়ে যাবে।

