ডেস্ক রিপোর্টার, ২রা নভেম্বর।।
শিশুদের দুটি ফোঁটা পোলিও টিকা খাওয়ানোর কাজকে ঘিরেও যেন আক্ষরিক অর্থেই যুদ্ধের প্রস্তুতি শুরু হয়েছে পাকিস্তানে। স্বাস্থ্যকর্মী ও টিকাকরণ অভিযানের নিরাপত্তার জন্য কঠোর নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে করাচি শহরকে। সোমবার থেকে শুরু হওয়া এই বিশেষ পোলিও টিকাকরণ কর্মসূচি চলবে আগামী ৮ নভেম্বর পর্যন্ত।
প্রশাসনের তরফে জানানো হয়েছে, স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে শুধু করাচিনেই ৮ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে। বিশেষ করে সংবেদনশীল বা স্পর্শকাতর এলাকাগুলিতে পুলিশের উপস্থিতি আরও বাড়ানো হয়েছে। টিকাকরণ চলাকালীন যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিভিন্ন পয়েন্টে চলছে জোরদার ‘স্ন্যাপ চেকিং’ ও তল্লাশি অভিযান।
উল্লেখ্য, পাকিস্তানে এর আগেও পোলিও টিকাকরণে নিয়োজিত স্বাস্থ্যকর্মী ও তাঁদের সুরক্ষায় থাকা নিরাপত্তা কর্মীদের ওপর একাধিকবার হামলার ঘটনা ঘটেছে। সেই কথা মাথায় রেখেই এবার গোড়া থেকেই চরম সতর্কতা অবলম্বন করছে প্রশাসন।
পাকিস্তানে পোলিও টিকাকরণ কর্মসূচি নিয়ে উদ্বেগ দীর্ঘদিনের। স্বাস্থকর্মীদের উপর এবং টিকাকরণ কেন্দ্রে বারবার হামলা চালিয়েছে জঙ্গিরা। তাদের মতে, পোলিও টিকার মাধ্যমে তাদের গোপন ঘাঁটি জেনে নেওয়া হয়। অন্যদিকে, পোলিওর বিরোধিতা করে এসেছেন কট্টরপন্থীদের একাংশও। তাঁদের বক্তব্য, পোলিও টিকা নিলে মানুষের মধ্যে বন্ধ্যাত্ব চলে আসতে পারে। বাসা বাঁধতে পারে বহু রোগও।
Oplus_16908288