ডেস্ক রিপোর্টার, ২২ জুলাই।।
ভিডিও নিয়ে আমাদের কোনও মাথাব্যথা নেই। ও সব দেখার সময় নেই।’ ককরোচ জনতা পার্টির আন্দোলনে অংশগ্রহণকারীদের উপর লাঠিচার্জ নিয়ে দায়ের মামলার দ্রুত শুনানির আর্জি খারিজ করে এমনই মন্তব্য করেছে সুপ্রিম কোর্ট। বুধবার এই মামলাটি দেশের প্রধান বিচারপতির বেঞ্চে দ্রুত শুনানির আর্জি জানান এক আইনজীবী। তবে তা শুনতে অস্বীকার করে দেশের সর্বোচ্চ আদালত।
প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেন, ‘আমাদের সময় নষ্ট করবেন না। নিজের সময়ও নষ্ট করবেন না।’ জনগণের স্বার্থেই আন্দোলনকারীরা প্রতিবাদ জানাচ্ছেন, NEET-UG প্রশ্নফাঁস নিয়ে সরব হচ্ছেন, NTA-এর পরীক্ষা নেওয়ার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে, আইনজীবী এই যুক্তিগুলিই আদালতে পেশ করেন। তাঁকে মাঝপথে থামিয়ে দেশের প্রধান বিচারপতি বলেন, ‘থ্যাঙ্ক ইউ ভেরি মাচ।’
তবে দমে যাননি মামলাকারী আইনজীবী। তিনি কিছু ভিডিও দেখিয়ে পুলিশি অত্যাচারের প্রমাণ দিতে চেয়েছিলেন। তবে দেশের প্রধান বিচারপতি বলেন, ‘আমাদের সময় নেই। আমরা কোনও ভিডিও দেখতে পারব না।’
মঙ্গলবার দিল্লি হাইকোর্টও এই মর্মে কোনও জরুরি শুনানি করতে রাজি হয়নি। পুলিশি অত্যাচারের বিরুদ্ধে দায়ের মামলা সম্পর্কে দিল্লি হাইকোর্ট বলে, ‘এ সবের মধ্যে আদালতকে টেনে আনবেন না।’
প্রসঙ্গত, শিক্ষাব্যবস্থার সংস্কার এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে লাগাতার দিল্লির যন্তর মন্তরে ধর্না চালিয়ে যাচ্ছে ককরোচ জনতা পার্টি ও সহযোগীরা। তাৎপর্যপূর্ণ ভাবে দেশের এই প্রধান বিচারপতি সূর্য কান্তের করা একটি মন্তব্য থেকেই জন্ম হয় ককরোচ জনতা পার্টির। দেশের কর্মহীন যুব সম্প্রদায়কে অভিহিত করতে গিয়ে তিনি ‘আরশোলা’ হিসেবে উল্লেখ করেছিলেন। তবে দেশজুড়ে ওঠা বিতর্কের ঝড়ের মুখে তিনি নিজের মন্তব্য সম্পর্কে সাফাই দিয়েছিলেন। জানিয়েছেন, কেবলমাত্র ভুয়ো ডিগ্রিধারীদেরই তিনি ‘আরশোলা’ হিসেবে অভিহিত করেছিলেন।

