ডেস্ক রিপোর্টার,১৯ অক্টোবর।।

       শক্তির আরাধনায় মেতে উঠেছে গোটা ত্রিপুরা। সোমবার মহা অষ্টমীর পুজো এবং সন্ধিপুজোর এই পূর্ণ তিথিতে রাজধানী আগরতলার ঐতিহাসিক দুর্গা বাড়িতে এক ভক্তিঘন পরিবেশের সৃষ্টি হয়। মহা অষ্টমীর এই শুভ লগ্নে মা দুর্গার আরাধনায় অংশ নেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা।এদিন মুখ্যমন্ত্রী দুর্গা বাড়িতে পৌঁছে ঐতিহ্যগত নিয়ম মেনে মা দুর্গার পুজো দেন এবং রাজ্যের সমস্ত স্তরের মানুষের সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করে প্রার্থনা করেন। মুখ্যমন্ত্রী বলেন, শারদোৎসব মানেই আনন্দ, সম্প্রীতি এবং আত্মিক মিলনের এক অনন্য উৎসব। মায়ের আশীর্বাদে রাজ্যের প্রতিটি পরিবারে যাতে শান্তি বজায় থাকে এবং সমস্ত ধরনের অশুভ শক্তির বিনাশ ঘটে, সেই কামনাই তিনি নিবেদন করেছেন।

       মুখ্যমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে এদিন দুর্গা বাড়ি চত্বরে ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা এবং ভক্তদের উপচে পড়া ভিড়। পুজো দেওয়ার পাশাপাশি মুখ্যমন্ত্রী উপস্থিত পূজারী, মন্দির কমিটি এবং সাধারণ ভক্তদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সকলকে শারদীয় শুভেচ্ছা জানান। অষ্টমীর এই মহাতিথিতে মুখ্যমন্ত্রীর এই উপস্থিতি উৎসবের আনন্দকে যে  আরও বাড়িয়ে দিয়েছে তা বলাই বাহুল্য।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *