ডেস্ক রিপোর্টার, ১৮ অক্টোবর।।
খাদ্য সুরক্ষা ও ভোক্তাদের স্বাস্থ্যের নিরাপত্তার তোয়াক্কা না করে মারাত্মক ভেজাল মেশানোর চাঞ্চল্যকর অভিযোগ উঠল একাধিক নামী খাদ্য প্রস্তুতকারক সংস্থার বিরুদ্ধে।প্রিয়া গোল্ড বিস্কুট, দোদলা ডেইরি এবং ইউইআইআর অর্গানিক ফুডসের মতো পরিচিত ব্র্যান্ডের বিভিন্ন খাদ্যে ভেজাল ও ক্ষতিকর রাসায়নিকের উপস্থিতি মেলায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ঘটনার গাম্ভীর্য বিবেচনা করে অভিযুক্ত সংস্থাগুলোর বিরুদ্ধে ইতিমধ্যেই ফৌজদারি মামলা দায়েরসহ কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করেছে FSSAI।খাদ্য সুরক্ষা কর্তৃপক্ষের পরীক্ষার রিপোর্টে উঠে এসেছে এক আতঙ্কজনক তথ্য।
প্রিয়া গোল্ড বিস্কুট ডায়েটারি ফাইবারের উৎস হিসেবে বিস্কুটে ব্যবহার করা হচ্ছিল গবাদি পশুর খাদ্য হিসেবে ব্যবহৃত নিম্নমানের ভুসি, যা মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর।তাছাড়া
দোদলা ডেয়ারির প্রতিদিনের নিত্যপ্রয়োজনীয় খাদ্য দুধের মান পরীক্ষায় মিলল ডিটারজেন্ট এবং কস্টিক সোডার মতো মারাত্মক রাসায়নিক ও ক্ষতিকর উপাদানের উপস্থিতি।এছাড়া
ইউইআইআর অর্গানিক ফুডসে স্বাস্থ্যকর জৈব বা অর্গানিক খাদ্য হিসেবে দাবি করে বিক্রি করা হলুদ কিশমিশে মিলেছে অত্যধিক পরিমাণে কীটনাশকের অবশিষ্টাংশ।
FSSAI-র আধিকারিকরা জানিয়েছেন, জনস্বাস্থ্যের সাথে ছিনিমিনি খেলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। অভিযুক্ত ব্র্যান্ডগুলোর সংশ্লিষ্ট ব্যাচ বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ দেওয়ার পাশাপাশি সংস্থাগুলোর বিরুদ্ধে খাদ্য সুরক্ষা আইন এর অধীন একাধিক ধারায় ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। দোষী সাব্যস্ত হলে সংশ্লিষ্ট আধিকারিকদের জরিমানা এবং জেল হেফাজত উভয়ই হতে পারে বলে জানানো হয়েছে।
বাজারের স্বনামধন্য ও বিশ্বাসযোগ্য ব্র্যান্ডগুলোর থেকে এমন অনিয়ম ও খাদ্যে ভেজালের খবর প্রকাশ্যে আসায় সাধারণ ভোক্তাদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। খাদ্য সুরক্ষা দপ্তর থেকে জানানো হয়েছে, দেশজুড়ে খাদ্যে ভেজালবিরোধী এই বিশেষ অভিযান ও নমুনা পরীক্ষা আগামী দিনে আরও জোরদার করা হবে।
Oplus_16908288