ডেস্ক রিপোর্টার,৮ আগস্ট।।
পড়াশোনা শেষে হাতে ভূয়ো শংসাপত্র! দেশজুড়ে গজিয়ে ওঠা অনুমোদনহীন এবং ভুয়া বিশ্ববিদ্যালয়গুলির বিরুদ্ধে এ বার চরম কঠোর অবস্থান নিল কেন্দ্র। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা UGC-র চিহ্নিত করা দেশের মোট ৩২টি ভুয়ো বিশ্ববিদ্যালয়কে অবিলম্বে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।
রাজ্যসভায় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার একটি প্রশ্নের জবাবে জানান, ১৯৫৬ সালের ইউজিসি আইন লঙ্ঘন করে একাধিক প্রতিষ্ঠান বেআইনিভাবে ডিগ্রি প্রদান করছিল। এই ধরনের ভুয়া বিশ্ববিদ্যালয়গুলির ফাঁদে পড়ে যাতে শিক্ষার্থীদের ভবিষ্যৎ নষ্ট না হয়, তার জন্যই এবার সরাসরি আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ইউজিসি-র প্রকাশিত তালিকায় রাজধানী দিল্লিতেই সর্বোচ্চ ১২টি এবং উত্তরপ্রদেশে ৪টি ভুয়ো বিশ্ববিদ্যালয় চিহ্নিত করা হয়েছে। এ ছাড়াও পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, কেরল ও মহারাষ্ট্র সহ একাধিক রাজ্যে এই ধরনের প্রতিষ্ঠান ছড়িয়ে রয়েছে। সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের নির্দেশ দেওয়া হয়েছে—অবিলম্বে এই প্রতিষ্ঠানগুলির চাবিসূত্র বাজেয়াপ্ত করতে হবে এবং প্রতারণায় যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।
ইউজিসি-র তরফে স্পষ্ট জানানো হয়েছে, ভর্তি হওয়ার আগে শিক্ষার্থীরা যেন অবশ্যই কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বিশ্ববিদ্যালয়ের বৈধতা যাচাই করে নেন।

