নীতীন নবীন বলেন, “আমাদের দেশের যুবসমাজ অত্যন্ত সচেতন। তারা বিদেশে বসবাসকারী কিছু মানুষের হাতের পুতুল নয়।” তিনি আরও অভিযোগ করেন যে, ডিজিটাল যুগের আধুনিক প্রযুক্তি ও শক্তিকে হাতিয়ার করে তরূণ প্রজন্মকে ভুল পথে চালিত করার একটি সুপরিকল্পিত চেষ্টা চালানো হচ্ছে। তবে এই ধরনের কোনো প্রচেষ্টাই যে বরদাস্ত করা হবে না।”
ডেস্ক, রিপোর্টার ৭ জুন।।
জাতীয় রাজনীতির অলিন্দে ক্রমেই নিজেদের পায়ের তলার মাটি শক্ত করছে ‘ককরোচ জনতা পার্টি’। একের পর এক কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের নজর কাড়ছে তারা। শনিবার দেশের রাজধানী দিল্লির যন্তর মন্তরে এক বিশাল প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেছিল এই দল। যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে যোগ দেন হাজার হাজার মানুষ। ককরোচ জনতা পার্টির এই ক্রমবর্ধমান শক্তি প্রদর্শন ও জমায়েতকে ঘিরে ইতিমধ্যেই জাতীয় রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে এবার ময়দানে নেমে ককরোচ জনতা পার্টিকে তীব্র ভাষায় তোপ দাগলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতীন নবীন।
শনিবার রাঁচিতে একটি অনুষ্ঠানে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, দেশের যুবসমাজকে এভাবে বিভ্রান্ত করা যাবে না। নীতীন নবীন বলেন, “আমাদের দেশের যুবসমাজ অত্যন্ত সচেতন। তারা বিদেশে বসবাসকারী কিছু মানুষের হাতের পুতুল নয়।” তিনি আরও অভিযোগ করেন যে, ডিজিটাল যুগের আধুনিক প্রযুক্তি ও শক্তিকে হাতিয়ার করে তরূণ প্রজন্মকে ভুল পথে চালিত করার একটি সুপরিকল্পিত চেষ্টা চালানো হচ্ছে। তবে এই ধরনের কোনো প্রচেষ্টাই যে বরদাস্ত করা হবে না, তা স্পষ্ট করে দিয়েছেন তিনি।
নীতীন নবীনের দাবি, তরুণ প্রজন্মকে উসকানি দিতে এবং নিজেদের স্বার্থসিদ্ধির জন্য ডিজিটাল মাধ্যমকে অপব্যবহার করছে ককরোচ জনতা পার্টির নেপথ্যে থাকা কিছু বিদেশী শক্তি।
সে যাই হোক,ককরোচ জনতা পার্টির এই গর্জন এবং তার জবাবে বিজেপির এই কড়া অবস্থান আগামী দিনে দেশের রাজনৈতিক সমীকরণকে কোন দিকে নিয়ে যায়, এখন সেটাই দেখার।

