ডেস্ক রিপোর্টার,২ রা নভেম্বর।।
আগরতলা পুর নিগমের চার নম্বর ওয়ার্ডে বিজেপির প্রার্থীর দৌঁড়ে এগিয়ে রয়েছেন একজন মহিলা। দাবি বিজেপি কর্মীদের। তবে এই মহিলাকে নিয়ে বিজেপির অপর গোষ্ঠী মাঠে নেমে গিয়েছে। তাদের দাবি, ” মহিলাকে টিকিট দিলে সাধারণ মানুষের কাছে ভুল বার্তা যাবে।” তাদের বক্তব্য, প্রার্থীর দৌঁড়ে থাকা এই মহিলা নাকি এক সময় ম*দ বিক্রি করতেন। যদিও এই মুহূর্তে মহিলার ছেলে শহরের একজন ডাক সাইটের নিগোসিয়েশন মাফিয়া। রাজ্যের ক্ষমতায় বিজেপি আসতেই তাদের ভাগ্য আকাশেও উঠে নতুন সূর্য। তাদের লক্ষ্মী ভান্ডার উঠেছে ফুলে ফেঁপে। বিজেপির কর্মীদের বক্তব্য, ” এই আসনের জন্য দলের মধ্যে সাংগঠনিক ভাবে দক্ষ অনেক মহিলা নেত্রী রয়েছেন। তাদের মধ্যে কাউকে দিলে আক্ষরিক অর্থে লাভবান হবে ভারতীয় জনতা পার্টি।”
মহিলা ও তার ছেলে টিকিট নিয়ে একশ শতাংশ আত্মবিশ্বাসী। ইতিমধ্যে নাকি প্রার্থী হিসাবে নাম দিয়ে ছাপানো হয়েছে ঢাউশ ঢাউশ পোস্টার। এখন শুধু প্রার্থীর নাম ঘোষণা মাত্র। আনুষ্ঠানিক ভাবে প্রার্থীর নাম ঘোষণা হলেও গুর্খাবস্তিতে শুরু হয়ে যাবে মস্তি। এখন দেখার বিষয়, বিজেপির শীর্ষ নেতৃত্ব কোন পথে হাঁটেন?

