স্পোর্টস ডেস্ক,১৪ এপ্রিল।।
পূর্বোত্তর লিটিল মাস্টার অনূর্ধ্ব ১৪ বালকদের ক্রিকেট প্রতিযোগিতা এবছর হবে ত্রিপুরায়। ২ মে থেকে শুরু হবে আসর। খেলা হবে এমবিবি এবং নরসিংগড় পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে। আসর সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ১৬ মে হবে প্রস্তুতি কমিটির বৈঠক। ঐদিন বিকেল তিনটায় রাজ্য ক্রিকেট সংস্থার অফিস বাড়িতে হবে ওই সভা। তাতেই আসরের চূড়ান্ত রূপরেখা তৈরি করা হবে। গেল বছর আসামে হয়েছিল এই আসর। তাতে শিরোপা দখল করেছিল স্বাগতিক আসাম। ত্রিপুরা দখল করেছিল দ্বিতীয় স্থান। ঘরের মাঠে সেরা হওয়ার লক্ষ্যে শক্তিশালী দল গঠনের প্রাথমিক পরিকল্পনা নেওয়া হয়েছে। ১৬ এপ্রিল বৈঠকের পরেই ঘোষণা করা হবে ত্রিপুরা দল। রাজ্য ক্রিকেট সংস্থা সূত্রে এ খবর জানা গেছে। ঘরের মাঠে অনুষ্ঠিত আসর সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে যাবতীয় উদ্যোগ নেবে রাজ্য সংস্থা এমনই পরিকল্পনা নেওয়া হয়েছে।

