তেলিয়ামুড়া ডেস্ক, ১৮ আগস্ট।।
         তেলিয়ামুড়া বাজার এলাকায় মঙ্গলবার ভোররাতে একটি মোবাইলের দোকানে হানা দেয় চোর চক্রের পান্ডারা।দোকানের মালিক চিত্তরঞ্জন ভান্ডারী সকালে এসে দেখেন দোকানের মূল তালা ভাঙা, আর ভেতরে থাকা একাধিক দামি মোবাইল ফোন সাফ করে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা।
       ব্যস্ততম এই বাজার এলাকায় রাতের বেলা এমন সাফায়েত কাণ্ড চত্বরের নৈশপাহারার কঙ্কালসার চেহারাটাই তুলে ধরেছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় তেলিয়ামুড়া থানার পুলিশ এবং প্রাথমিক তদন্ত শুরু করেছে।মোট কত টাকার ফোন ও সামগ্রী চুরি গেছে তা খতিয়ে দেখা হচ্ছে। আসপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের সনাক্ত করার চেষ্টা চলছে।এই ঘটনায় তীব্র আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়েছে স্থানীয় ব্যবসায়ী মহলে। তাঁদের মূল প্রশ্ন—বাজারের নাইট গার্ড ও টহলদারি পুলিশের নজর এড়িয়ে কীভাবে এমন নিশ্চিন্তে চুরি চালাল চোরেরা? এটা কি শুধুই অন্ধকারের সুযোগ, নাকি নিরাপত্তার কোনো বড়সড় ফাঁকফোকর?
   ব্যবসায়ীদের দাবি, অবিলম্বে অপরাধীদের গ্রেফতার করে খোয়া যাওয়া মোবাইল উদ্ধার করতে হবে এবং বাজারের নৈশনিরাপত্তা জোরদার করতে হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *