স্পোর্টস ডেস্ক, ১৯ আগস্ট ।।
তারকা খচিত ফুটবলার নিয়ে খেলেও জয় পেতে ঘাম ঝরাতে হলো কল্যাণ সমিতিকে। ত্রিপুরা স্পোর্টস স্কুলের এক ঝাক ফুটবলার নিয়ে গড়া টাউন ক্লাব মরশুমে নিজেদের প্রথম ম্যাচেই নজর কেড়ে নিল। লড়াই করে জয় পেয়ে সেমিফাইনালে খেলা ছাড়পত্র অর্জন করে নিল শহর দক্ষিণের ক্লাব কল্যাণ সমিতি। আসরের দ্বিতীয় সেমিফাইনালে কল্যাণ সমিতি খেলবে ব্লাড মাউথ ক্লাব এবং রামকৃষ্ণ ক্লাবের মধ্যে বিজয়ী দলের বিরুদ্ধে। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত নীল জ্যোতি রাখাল শিল্ড নক আউট ফুটবল আসরে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে মঙ্গলবার অনুষ্ঠিত আসরে তৃতীয় কোয়ার্টার ফাইনালে কল্যাণ সমিতি ২-১ গোলে পরাজিত করে টাউন ক্লাবকে। ডুরান্ড কাপ খেলে রাজ্যে আসা অমিত কুমার, কিষান মাচা, গাইচুনবা এবং কাফাইবা এদিন বিকেলে দলের সঙ্গে যোগ দিলেও সিআরএস এর সমস্যায় মাঠে নামতে পারেননি। ফলে কিছুটা হলেও চাপে ছিল দল। ওই জায়গায় তারুণ্যে ভরপুর টাউন ক্লাবের ফুটবলাররা হারলেও যথেষ্ট ভাল খেলে ফুটবলপ্রেমীদের মন জয় করে নেয়। মরশুমের প্রথম ম্যাচ বলে হয়তোবা আবু তাহের তার দলকে ঠিকভাবে মেলে ধরাতে পারেননি। তবে ডোরান্ড কাপ খেলে আসা ৪ ফুটবলার দলের সঙ্গে যোগ দিলেই এই দল অন্যরূপে দেখা যাবে বিশ্বাস করেন কল্যাণ সমিতির কর্তারা। ম্যাচের শুরু থেকেই দু’দলের ফুটবলাররা এদিন আক্রমাত্মক ফুটবল খেলতে থাকে। দক্ষতা এবং শক্তিতে কল্যাণ সমিতির ফুটবলাররা এগিয়ে থাকলেও গতিতে কিছুটা এগিয়ে ছিল টাউন ক্লাবের ফুটবলাররা। প্রথমার্ধের ইনজুরি টাইমে লালরীণ তুলুঙ্গার গোলে এগিয়ে গিয়েছিল কল্যাণ সমিতি। বিরতির পর ম্যাচে ফেরার জন্য মরিয়া হয়ে লড়াই করেন টাউন ক্লাবের ফুটবলাররা। ৮০ মিনিটে বিলাস দেববর্মা দুরন্ত গোল করে সমতা ফেরান। নির্ধারিত সময়ে ম্যাচের ফয়সালা না হয় শুরু হয় অতিরিক্ত সময়ের খেলা। অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে কাউন্টার এটাকে গিয়ে অমিত জমাতিয়া গোল করে কল্যাণ সমিতিকে কাঙ্খিত জয় এনে দেন। খেলা পরিচালনা করেন বাজু টিষ্য। ম্যাচের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন বিজয়ী দলের রাজিব সাধন জামাতিয়া।

